


নয়াদিল্লি: আগামী সপ্তাহে ব্রাজিলে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকস সম্মেলন। আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে থাকছেন না অন্যতম প্রধান দুই সদস্য দেশের শীর্ষ রাষ্ট্রনেতা। জানা গিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট জি জিনপিং ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না। তবে প্রতিনিধি পাঠাবেন তাঁরা। রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। চীনের তরফে আসবেন প্রধানমন্ত্রী লি কিয়াং।
সূত্রের খবর, পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)। ব্রাজিল সেই আদালতের নির্দেশ মেনে চলে। সেক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট সম্মেলনে এলে তাঁর গ্রেপ্তারির আশঙ্কা রয়েছে। সেকারণেই তিনি হাজির হচ্ছেন না। তবে জিনপিংয়ের অনুপস্থিতির কারণ স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, দেশের অভ্যন্তরীণ কারণে সম্মেলনে যোগ দেবেন না চীনের প্রেসিডেন্ট।
আগামী ৬ ও ৭ জুলাই ব্রাজিলের রিও ডি জেনেরিওতে আলোচনায় বসবে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি। প্রথমে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়েই এই মঞ্চ গঠিত হয়েছিল। কিন্তু, বর্তমানে আরও পাঁচ নতুন সদস্য দেশ যুক্ত হয়েছে। সবমিলিয়ে সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০-এ। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি। নয়াদিল্লি সূত্রে খবর, এই সফরে ব্রাজিলের পাশাপাশি ঘানা, ত্রিনিদাদ, আর্জেন্তিনা ও নামিবিয়ায় যাবেন তিনি। আগামী ২ জুলাই দিল্লি থেকে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী। ৯ তারিখ দেশে ফিরবেন।