


নয়াদিল্লি: কারও সর্বনাশ, কারও পৌষমাস! চোটের কারণে শুভমান গিল ছিটকে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। গত অস্ট্রেলিয়া সিরিজে গিল অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে স্কোয়াডে ঢোকায় মাঠে নামার সুযোগ পাননি যশস্বী জয়সওয়াল। গিলের অনুপস্থিতিতে ওপেন করতে পারেন তিনি। স্কোয়াডে আছেন ঋষভ পন্থও। গত এক বছরে মাত্র একটি ওয়ান ডে খেলেছেন তিনি। তাই ক্যাপ্টেন হিসেবে তাঁর নাম বিবেচিত হয়নি। তাছাড়া ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলির মতো মহাতারকারা। সেকথা মাথায় রেখেই অধিনায়ক নির্বাচন করতে হয়েছে আগরকরদের। অনেকে মনে করছেন, গুয়াহাটি টেস্টে পন্থের ক্যাপ্টেন্সি আশানুরূপ হয়নি বলেই ২০২৩ সালের পর ফের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হল লোকেশকে। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় বসবে ওয়ান ডে বিশ্বকাপের আসর। তার আগে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলবে। আগামী বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। তাই ক্রিকেটারদের ওয়ার্কলোড কমানোর কথাও ভাবতে হচ্ছে নির্বাচকদের। সেই কারণে ওডিআই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও স্পিনার অক্ষর প্যাটেলকে। স্কোয়াডে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় ‘এ’ দলের হয়ে ভালো পারফর্ম করার পুরস্কার হিসেবে ওয়ান ডে দলে জায়গা করে নিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়ও। তবে এবারও ব্রাত্য বাংলা দলের পেসার মহম্মদ সামি।