


অকল্যান্ড, ৪ নভেম্বর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জয়ের পর এবার একদিনের সিরিজেও জয় দিয়ে শুরু করল ভারত। ভারত একদিনের ক্রিকেটে মাঠে নামলেই দর্শকদের নজর থাকে দুজনের ওপর। রোহিত শর্মা এবং বিরাট কোহলি। রোহিত শর্মা ব্যর্থ হলেও দুরন্ত ফর্মে দেখা গেল বিরাটকে। একদিকে ৭৪ রান করে দলের জয়ের জন্য যখন বড় ভূমিকা রাখছেন তখন অন্যদিকে গড়লেন অনন্য নজির। বিশ্বে তিনিই প্রথম ব্যাটসম্যান যিনি তিন নম্বরে নেমে ১৩ হাজার রান পূর্ণ করলেন। এদিন প্রথমে ব্যাট করে ১৮৫ রানে শেষ হয়ে যায় কিউইদের ইনিংস। নিউজিল্যান্ডের সর্বোচ্চ ৩৮ রান করেন টিম সেইফার্ট। এছাড়াও নজর কাড়েন ১১ নম্বরে নামা ব্লেয়ার টিকনার। তিনি করেন ৩৪ রান। ভারতের হয়ে আর্শদীপ চার উইকেট নেন। তিন উইকেট নেন গুরনুরএবং দুই উইকেট নেন অংশুল কম্বোজ।
জবাবে ভারত ব্যাট করতে নামলে প্রথম ওভারেই শূন্য রানে আউট হয়ে যান রোহিত শর্মা। এরপরে ব্যাটিংয়ের হাল ধরেন শুভমান গিল এবং বিরাট কোহলি। কিন্তু ভারতের ব্যাটিংয়ের মাঝে দফায় দফায় বিঘ্ন ঘটায় বৃষ্টি। ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতকে জিততে হলে করতে হতো ৩২ ওভারে ১৪৩ রান। আর এই রান তারা করতে প্রধান ভূমিকা নেন চেজমাস্টার বিরাট কোহলি। একান্ন বলে চুয়াত্তর রান করে আউট হন তিনি। এর আগে ৩৭ রানে আউট হন শুভমান গিল। ভারত ২২ দশমিক চার ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাঁচ উইকেট হারিয়ে। শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নামবেন শুভমান গিলরা।