


লা পাজ, ২৮ ফেব্রুয়ারি: গতকাল অর্থাৎ শুক্রবার রাতে বলিভিয়ার রাজধানী লা পাজ সংলগ্ন আল্টো শহরে ভেঙে পড়ল একটি কার্গো বিমান। মৃত্যু হল ১৫ জনের। আহত প্রায় ৩০ জন। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, খারাপ আবহাওয়ায় জেরেই বিমানটি সমস্যার সম্মুখীন হয়। এরপর আল্টো শহরের জাতীয় সড়কে সেটি ভেঙে পড়ে। সেই সময়ে সড়কে প্রচুর গাড়ি ছিল। সেগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে প্রচুর টাকা ছিল বলেও জানা গিয়েছে। বিমানটি ভেঙে পড়ার পর রাস্তায় ছড়িয়ে পড়া নোট কুড়োতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়।
সেদেশের পুলিশ জানিয়েছে, বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে নতুন ছাপা নোটের বান্ডিল নিয়ে বিমানটি রওনা দিয়েছিল। এরপর সেটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় পুলিশ-দমকল। আহতদের উদ্ধার করা হয়। তড়িঘড়ি ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার পর এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে বিমান দুর্ঘটনার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। অপরদিকে, এই বিমান দুর্ঘটনা ছবি-ভিডিও সোশ্যাল রীতিমতো মিডিয়ায় ভাইরাল হয়েছে।