


স্ট্যাভেনজার: কোচ বিশ্বনাথান আনন্দের আশঙ্কাই সত্যি হল। রক্ষণাত্মক রণকৌশলে খেলার মূল্য দিতে হল ডোম্মারাজু গুকেশকে। শনিবার নরওয়ে দাবার শেষ ম্যাচে মার্কিন গ্র্যান্ডমাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানার কাছে হারলেন বিশ্ব চ্যাম্পিয়ন। ফলে ১৪.৫ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার তৃতীয় স্থানে শেষ করলেন ভারতীয় তারকা। এক পয়েন্ট বেশি পেয়ে রানার্স কারুয়ানা। আর ১৬ পয়েন্ট ঝুলিতে ভরে সপ্তমবারের জন্য এই শিরোপা দখল করেন ম্যাগনাস কার্লসেন।
২০১৮ সালের চ্যাম্পিয়ন কারুয়ানা এদিন শুরু থেকেই চাপ বাড়ান গুকেশের উপর। ভারতীয় দাবাড়ু সারাক্ষণ ব্যস্ত থাকলেন ডিফেন্স সামলাতে। শেষ পর্যন্ত যখন ভুল বুঝলেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সময়ের চাপে পড়ে একের পর এক দিশাহীন চাল দিয়ে হার মানেন তিনি। খেলার শেষে গুকেশ বলেন, ‘আজ অত্যন্ত হতাশার দিন ছিল। শেষদিকে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেছিলাম। কিন্তু লক্ষ্যে সফল হইনি।’