


জয়পুর: ফের বিজেপি শাসিত রাজস্থানে দলিত যুবককে হেনস্তা ও যৌন নির্যাতনের অভিযোগ। তাঁকে নগ্ন করে মারধর, বিকৃতকামে বাধ্য করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। রবিবার পুলিস জানিয়েছে, গত ৮ এপ্রিল শিকার জেলার ফতেপুরে এই ঘটনা ঘটলেও ১৬ তারিখ অভিযোগ দায়ের হয়েছে। তারপরও চারদিন কেটে গিয়েছে। কিন্তু, রাত পর্যন্ত খবর, কাউকে গ্রেপ্তার করা যায়নি। ডিএসপি অরবিন্দ কুমার জানিয়েছেন, ‘অভিযোগ পাওয়ার পর এফআইআর দায়ের করেছে পুলিস। অভিযোগকারীর শারীরিক পরীক্ষা ও বয়ান রেকর্ড করা হয়েছে। তদন্ত চলছে।’ যদিও এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজ্যের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও বিরোধী দলনেতা টিকা রাম জুলি। তাঁদের বক্তব্য, এই ঘটনাই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বেহাল চিত্র প্রকাশ্যে এনে দিয়েছে।
অভিযোগকারীর দাবি, গত ৮ এপ্রিল বাড়ির সামনে দিয়ে বিয়ের শোভাযাত্রা যাচ্ছিল। সেটি দেখতে তিনি বাড়ির বাইরে বেরিয়েছিলেন। সেইসময় কাজকর্ম সংক্রান্ত কথা বলার অজুহাতে তাঁকে বাসস্ট্যান্ডে ডেকে পাঠায় দুই যুবক। এরপর তাঁরা একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। গোপন অঙ্গেও আঘাত করা হয়। জমাকাপড় খুলিয়ে বিকৃতকামে বাধ্যও করে অভিযুক্তরা। গায়ে প্রস্রাবও করে দেয়। গোটা ঘটনার ভিডিও রেকর্ডও ছিল। তারা হুমকি দেয়, এব্যাপারে কাউকে কিছু বললে সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ছড়িয়ে দেওয়া হবে। হেনস্তার শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই দলিত যুবক। তাই অভিযোগ জানাতে তাঁর কয়েকদিন দেরি হয়েছে।