


পু্নে, ৩১ অক্টোবর: প্রতিদিনের মতোই সকালে অফিসে চলে যান স্বামী। কিন্তু রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথেই এই খবর পাবেন সেটা স্বপ্নেও ভাবতে পারেননি ওই যুবক। জানতে পারেন, তাঁর স্ত্রী ছয় বছরের ছেলেকে নিয়ে ১৮ তলার আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। মৃতার নাম একতা বাঙ্গার। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়ারে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘স্বামী মনোজ বাঙ্গার, তাঁর স্ত্রী এবং ছেলে মাধবকে নিয়ে ওই আবাসনেই থাকতেন। মনোজ পুনের একটি তথ্য প্রযুক্তি সংস্থায় ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। এদিন মনোজ অফিসে থাকাকালীন সন্ধ্যায় নিজের ছেলেকে নিয়ে আবাসনের ছাদে যান ওই মহিলা। সেখান থেকেই নিজের ছেলেকে নিয়ে ঝাঁপ দেন।’ আওয়াজ শুনে ছুটে আসেন আবাসনের লোকজন। তৎক্ষণাৎ পুলিশে খবর দেন তাঁরা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁরা এসে দেহ দুটি উদ্ধার করে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। এর পাশপাশি একটি সুইসাইড নোটও উদ্ধার করেছেন তাঁরা। সুইসাইড নোটের বিষয়বস্তুও পরীক্ষা করে দেখছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঠিক কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল তা জানা চেষ্টা করছেন তদন্তকারীরা। একতা আর তাঁর ছেলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ওই এলাকায়।