


পানাজি, ৩১ অক্টোবর: এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল খোদ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। গোয়ার রিবান্দরের ক্রাইম ব্রাঞ্চের দপ্তরে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম বিকাশ দেকর। অদ্ভূতভাবেই এক মহিলার সহযোগিতাতেই না কি পুলিশ আধিকারিক এই ঘটনাটি ঘটিয়েছেন বলে জানা গিয়েছে। অভিযুক্ত সেই মহিলার নাম রঞ্জিনী পালিয়েকর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘গত ২৫ জুলাই এবং ২৭ অক্টোবর রিবান্দর ক্রাইম ব্রাঞ্চের দপ্তরেই নাবালিকাকে যৌন নির্যাতন করে অভিযুক্ত পুলিশ আধিকারিক। প্রথমে ওই নাবালিকা শিশু সুরক্ষা দপ্তরে যোগাযোগ করে নিজের একটি সমস্যার কথা জানিয়েছিল। সেই সমস্যাটি সমাধানের জন্য অভিযুক্ত পুলিশ আধিকারিক বিকাশ দেকরের কাছে পাঠানো হয়। কিন্তু নাবালিকার সমস্যার সমাধান না করে ওই পুলিশ কর্মকর্তাই নিজের অফিসের ভিতরেই নাবালিকাকে একাধিকবার যৌন নির্যাতন করে বলে অভিযোগ।’ ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোয়ার ডিজিপি অলোক কুমার জানান, ‘পুলিশ যদি কোনো অশালীন আচরণ করে সেটা কখনই বরদাস্ত করা হবে না। এই ঘটনায় অভিযুক্ত এবং তার সহযোগীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।’ ক্রাইম ব্রাঞ্চের ভিতরে ঘটনাটি ঘটেছে বলে মামলাটি ওল্ড গোয়া থানায় স্থানান্তরিত করা হয়েছে।