


লুধিয়ানা: আতঙ্কের নাম নীল ড্রাম। এবার লুধিয়ানার শেরপুরে নীল ড্রাম থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ। প্রচণ্ড দুর্গন্ধ পেয়ে স্থানীয় কয়েকজনের সন্দেহ হয়। একটি পরিত্যক্ত নীল ড্রাম দেখে পুলিসে খবর দেন তাঁরা। পুলিস এসে ওই ড্রাম থেকে প্লাস্টিক মোড়া অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, মৃতদেহের পা ও গলায় শক্ত করে দড়ি বাঁধা ছিল। ঘটনার সঙ্গে মিরাটের মুসকান কাণ্ডের মিল খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা। পুলিসের অনুমান, মৃত যুবক পাঞ্জাবের বাসিন্দা নন। দেহে কোনও আঘাতের চিহ্নও নেই। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে। ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। এলাকার ৪২টি ড্রাম কারখানার মালিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিস। তদন্তকারী অফিসারের অনুমান, নীল ড্রামটি সম্ভবত নতুন। মৃতদেহ লুকানোর জন্যই ড্রামটি কেনা হয়েছিল। তবে এই হত্যা যে পরিকল্পিত তা একপ্রকার মেনে নিচ্ছেন তদন্তকারীরা। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ। যুবকের পরিচয় এখনও জানা যায়নি।