


লন্ডন: ওয়েম্বলিতে জাপানি বোমায় বিধ্বস্ত ইংল্যান্ড। মঙ্গলবার ফিফা ফ্রেন্ডলিতে ১-০ ব্যবধানে বশ মানিয়ে ইংরেজদের দর্প চূর্ণ করল হাজিমে মরিয়াসুর দল। ম্যাচের একমাত্র গোলদাতা কাউরু মিতোমা। সেই সঙ্গে এশিয়ার প্রথম টিম হিসেবে ইংল্যান্ডকে হারানোর নজির গড়ল জাপান। পক্ষান্তরে, বিশ্বকাপের আগে টানা দু’টি ম্যাচে হোঁচট খেয়ে চাপে ইংল্যান্ডের কোচ টমাস টুচেল। ক’দিন আগে ওয়েম্বলিতেই ইংলিশ-ব্রিগেডকে ১-১ গোলে আটকে দিয়েছিল উরুগুয়ে।
জাতীয় দলে অনুশীলনের সময় চোট পেয়ে এই ম্যাচে খেলতে পারেননি হ্যারি কেন। তাতেই চৌপাট টুচেলের পরিকল্পনা। জাপানের বিরুদ্ধে তাই ফিল ফোডেনকে ফলস নাইন হিসেবে ব্যবহার করেন তিনি। কিন্তু সিটিজেন তরুণকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায়নি। পুরো ম্যাচে হতশ্রী ফুটবল মেলে ধরেছে ফিফা র্যাংকিংয়ের চার নম্বর দল। উল্টোদিকে, ১৮ নম্বর র্যাংকিংয়ের জাপান ম্যাচের প্রথম মিনিট থেকেই দাপট দেখাতে থাকে। ২৩ মিনিটে দলকে কাঙ্ক্ষিত লিড এনে দেন কাউরু মিতোমা। কোল পামারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্রতিআক্রমণে লক্ষ্যভেদ ব্রাইটনের উইঙ্গারের (১-০)। বাকি সময়েও একাধিক সুযোগ তৈরি করেছিলেন হিরোকি-নাকামুরারা। কিন্তু আর স্কোরলাইনের পরিবর্তন হয়নি। রেফারির শেষ বাঁশি বাজতেই গ্যালারি থেকে কটূক্তি উড়ে আসে ইংল্যান্ড কোচ টুচেল ও প্লেয়ারদের উদ্দেশে।
এদিকে, স্পেনের পাড়ায় গিয়ে লামিনে ইয়ামালদের আটকে দিল মিশর। ম্যাচের ফল গোলশূন্য ড্র। ক’দিন আগেই সার্বিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেওয়া স্প্যানিশ আর্মাডা মঙ্গলবার ছন্নছাড়া ফুটবল মেলে ধরে। ৮৪ মিনিটে মিডিও হামদি ফাফি দ্বিতীয় হলুদ কার্ড দেখলে দশ জন হয়ে পড়ে মিশর। কিন্তু আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতাও কাজে লাগাতে ব্যর্থ লুই ডে লা ফুয়েন্তের ছেলেরা।
ইংল্যান্ড ও স্পেন হোঁচট খেলেও মঙ্গলবার ফিফা ফ্রেন্ডলিতে আমেরিকাকে ২-০ ব্যবধানে হারিয়েছে রোনাল্ডোহীন পর্তুগাল। জয়ী দলের দুই গোলদাতা যথাক্রমে ফ্রান্সিসকো ত্রিনকাও এবং হোয়াও ফেলিক্স।
ইংল্যান্ড-০ : জাপান-১
পর্তুগাল-২ : আমেরিকা-০
স্পেন-০ : মিশর-০