


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকে আইএসএল নিয়ে জট কাটতেই দল গোছাতে নেমে পড়ল মোহন বাগান। এফসি গোয়ায় খেলা সার্বিয়ান মিডিও ডেজান ড্রাজিচকে সই করাল সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। আপাতত দু’বছরের জন্য তাঁর সঙ্গে চুক্তি করেছে মোহন বাগান। এফসি গোয়া থেকে এনওসি মিললেই হবে সরকারি ঘোষণা। মূলত লেফট উইঙ্গার হলেও সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারেন তিনি। তবে ড্রাজিচকে দলে নেওয়ায় রবসন রবিনহোর ভবিষ্যৎ নিয়ে দেখা দিল প্রশ্ন। সদ্যসমাপ্ত মরশুমে একেই নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ব্রাজিলিয়ান ফুটবলার। তাই কর্তারা তাঁর সঙ্গে চুক্তিভঙ্গের পথে হাঁটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ড্রাজিচ চূড়ান্ত হওয়ার দিনে কোচের পদে নাম জোরালো হল মানোলো মার্কুয়েজের। অভিজ্ঞ এই স্প্যানিশ কোচ দীর্ঘদিন এদেশে কাজ করছেন। হায়দরাবাদ, গোয়ার পাশাপাশি তিনি ভারতের জাতীয় দলের দায়িত্ব সামলেছেন।