


বোস্টন: ১৯৯৮ থেকে ২০২২। গত ৭টি বিশ্বকাপের আসরে ৪বার ফাইনাল খেলেছে ফ্রান্স। তার মধ্যে দু’বার চ্যাম্পিয়ন তারা। কাতারের কাপ যুদ্ধে আজেন্তিনার কাছে হেরে রানার্স হলেও এবার শিরোপা জয়ের অন্যতম দাবিদার দিদিয়ের দেশঁ ব্রিগেড। কিন্তু সম্প্রতি ফরাসি ড্রেসিং-রুমের গুমোট আবহাওয়া চিন্তায় রাখছে ‘লে ব্লুজ’ সমর্থকদের। ঘটনার সূত্রপাত চলতি বছরের ২৯ মার্চ আয়োজিত ফ্রান্স-কলম্বিয়া প্রীতি ম্যাচে। সেদিন ছিল এনগোলো কান্তের জন্মদিন। তাই কোচ দেশঁ তাঁর হাতেই তুলে দিয়েছিলেন ক্যাপ্টেনস আর্মব্যান্ড। ৮০ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামেন কিলিয়ান এমবাপে। তাই তাঁকে আর্মব্যান্ড ফিরিয়ে দিতে চান কান্তে। কিন্তু এমবাপে নিজে তা না নিয়ে চেরকিকে আনতে পাঠান। এতেই কান্তে এবং এমবাপের মধ্যে দূরত্ব বাড়ে। তার প্রমাণ মেলে ৫ জুন আইভরি কোস্টের বিরুদ্ধে ম্যাচে। খেলা শুরুর আগে টানেলে কান্তেকে দেখে মুখ ঘুরিয়ে নেন তারকা স্ট্রাইকার। স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। তাহলে কি বিশ্বকাপ শুরুর আগে ফরাসি ড্রেসিং-রুমে সূক্ষ্ম চিড় ধরেছে?
কোচ দিদিয়ের দেশঁ অবশ্য নিজের শিবির নিয়ে স্বস্তিতেই রয়েছেন। তাঁর মন্তব্য, ‘২০২২ সালের পর জিরু, হুগো লরিস, গ্রিজম্যানের মতো সিনিয়ররা চলে গিয়েছে। তাই ড্রেসিং-রুম পরিচালনার ব্যাটন রয়েছে অধিনায়ক এমবাপের কাঁধে। সেই দায়িত্ব ভালোভাবে পালন করছে ও। দলের বাকি ফুটবলারদের সঙ্গে নিয়মিত কথা বলে এবং যোগাযোগ রাখে।’ পাশাপাশি প্রত্যাশার চাপ নিয়ে ফরাসি কোচের মন্তব্য, ‘সেটা থাকাই স্বাভাবিক। কারণ ধারাবাহিকতার নিরিখে আমরাই এগিয়ে।’ তিনি আরও বলেন, ‘স্ট্র্যাটেজি বা ফর্মেশন নিয়ে বিরাট মাথাব্যথা নেই আমার। আসল কথা, সাফল্য পাচ্ছি কি না।’ উল্লেখ্য, মঙ্গলবার সেনেগালের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে ফ্রান্স।