


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১৫ হাজার থেকে বেড়ে ২১ হাজার টাকা। সামাজিক সুরক্ষা পরিষেবা কর্মী পিএফের (ইপিএফ) আওতাভুক্ত হতে বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠানের কর্মচারীদের মাস বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধির পথেই হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরেই এই ইশ্যুতে জল্পনা রয়েছে। শ্রমমন্ত্রকের শীর্ষ সূত্রে জানা যাচ্ছে, এই ব্যাপারে আর কোনও টালবাহানা করতে চাইছে না সরকার। প্রাথমিকভাবে এই পরিকল্পনা একপ্রকার চূড়ান্ত করে ফেলা হয়েছে। তবে নিয়মমতো শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) অছি পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হতে হবে।
জানা যাচ্ছে, আগামী মাসে দিল্লিতে অছি পরিষদের বৈঠক ডাকতে পারে ইপিএফও। সেন্ট্রাল বোর্ড ট্রাস্টিজের সেই ত্রিপাক্ষিক বৈঠকেই এই সংক্রান্ত ঘোষণা করা হবে। আগামী বছরের গোড়াতেই একাধিক রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন রয়েছে। এর মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। সরকারি সূত্রের ব্যাখ্যা, রাজ্যে রাজ্যে ভোটের আগে
বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠানের কর্মীদের নতুন বছরের উপহার হিসেবেই এই ঘোষণা করতে চাইছে কেন্দ্রের মোদি সরকার। যেসব বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠানে ন্যূনতম ২০ জন কর্মী আছেন, সেই সংস্থাগুলি ইপিএফওর আওতাভুক্ত হয়। সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে যাঁর বেতন মাসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত, তিনি বাধ্যতামূলকভাবেই ইপিএফ পরিষেবা পান। এই মাস বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা হলে স্বাভাবিক নিয়মেই আরও বেশি কর্মী এহেন সামাজিক সুরক্ষা পরিষেবার আওতায় আসতে পারবেন।