


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় পণ্যের উপর মাত্রাতিরিক্ত শুল্ক চাপানোয় আতঙ্কিত হয়ে পড়েছিল দেশীয় শিল্পমহল। সেই আশঙ্কা ঢাকতে কেন্দ্রীয় সরকার দাবি করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধি ভারতীয় রপ্তানিতে বড়ো একটা প্রভাব ফেলতে পারবে না। মার্কিন বাজার যেটুকু মার খাবে, ইউরোপ-সহ অন্যান্য দেশের রপ্তানি বৃদ্ধি পুষিয়ে দেবে তার অনেকটাই। তবে কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ৫০ শতাংশ শুল্কের পরেও ভারতীয় পণ্যের সবচেয়ে বড়ো রপ্তানির বাজার হিসেবে রয়ে গিয়েছে আমেরিকাই।
ক্রেডিট রেটিং সংস্থা ক্রিসিল দাবি করেছে, দেশজুড়ে গত ডিসেম্বর মাসে রপ্তানি ধাক্কা খেয়েছে ভারতে। তারপরেও আমেরিকা যুক্তরাষ্ট্রই এদেশের সর্ববৃহৎ রপ্তানিকারী দেশ হিসেবে রয়ে গিয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম নয়মাসে, অর্থাৎ এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ভারত থেকে প্রায় ৬,৫৯০ কোটি মার্কিন ডলারের পণ্য আমেরিকায় রপ্তানি করেছে ভারত। গত অর্থবর্ষের ওই একই সময়ের তুলনায় তা বেড়েছে ৯.৮ শতাংশ। ভারতীয় স্মার্টফোন রপ্তানি, এর সবচেয়ে বড়ো অংশীদার বলে জানিয়েছে ক্রিসিল। তাদের হিসেব, গত ডিসেম্বরে আমেরিকায় ভারতীয় পণ্য রপ্তানি হয়েছে ৬৮৮ কোটি মার্কিন ডলারের। ঠিক একবছর আগের নিরিখে তা ১.৮ শতাংশ কমেছে। তবে নভেম্বরে রপ্তানির অঙ্ক ছিল ৬৯৮ কোটি মার্কিন ডলার। ওই মাসে রপ্তানি বৃদ্ধির হার ছিল ২২.৬ শতাংশ। প্রসঙ্গত, গত আগস্ট মাসে ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করে ট্রাম্প প্রশাসন।
ক্রিসিল জানাচ্ছে, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিনমাসে ভারত থেকে আমেরিকা-সহ বিশ্বের অন্যান্য দেশে পণ্য রপ্তানি ১.৯ শতাংশ বেড়েছে। অথচ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিনমাসে রপ্তানি বৃদ্ধির হার ছিল ৮.৩ শতাংশ। শুধু ডিসেম্বর মাসেই ভারত থেকে বিভিন্ন দেশে ৩,৮৫০ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে। বৃদ্ধির হার ১.৯ শতাংশ। অথচ নভেম্বর মাসেই বৃদ্ধির হার ছিল ১৯.৪ শতাংশ। ক্রেডিট রেটিং সংস্থাটি জানাচ্ছে, মূলত গয়না ও পেট্রলিয়ামজাত দ্রব্যের বাজার ধাক্কা খাওয়ার কারণেই সার্বিকভাবে কমেছে রপ্তানি বৃদ্ধির হার। এর কারণ, ডিসেম্বর মাসে গয়না রপ্তানি যেমন ২.২ শতাংশ কমেছে, তেমনই পেট্রলিয়ামজাত পণ্যের রপ্তানি মার খেয়েছে ৬.৬ শতাংশ। পণ্যের পাশাপাশি ডিসেম্বরে ৪ শতাংশ ধাক্কা খেয়েছে পরিষেবা শিল্পের রপ্তানিও। ভারতীয় পণ্যের দ্বিতীয় বৃহত্তম বাজার হল চীন, অর্থাৎ যুক্তরাষ্ট্রের পরেই। গত এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতীয় পণ্যের রপ্তানি চীন দেশে বেড়েছে ৩৬.৭ শতাংশ। এক্ষেত্রে প্রধান ভূমিকা ন্যাপথার।