


গান্ধীনগর: মঙ্গলবার গুজরাতের বনসকাঁথা জেলার একটি বাজির গুদামে বিস্ফোরণের ঘটনায় ২১জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৬ জন। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এখানে বিপুল পরিমাণ বাজি মজুত ছিল। ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গুদাম ঘরে আগুন ধরে যায় ও সেটি ভেঙে পড়ে।
এদিন সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ বনসকাঁথার দীশা শহরের অদূরে শিল্পাঞ্চল এলাকায় এই বিস্ফোরণ ঘটে। এর জেরে গুদামের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আর ধ্বংসস্তূপের মধ্যেই আটকে পড়েন কর্মীরা। বিস্ফোরণের আওয়াজ পেয়েই ঘটনাস্থলে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকল ও পুলিসকে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু পরে আরও ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। সবমিলিয়ে মৃতের সংখ্যা ২১ জন। জানা গিয়েছে, তাঁরা মধ্যপ্রদেশের বাসিন্দা ছিলেন। আহত পাঁচজনের অবস্থা গুরুতর। তাঁদের চিকিৎসা চলছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ত্রাণ, উদ্ধার ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখেছি। স্থানীয়
প্রশাসনকে সমস্তরকম সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে।’ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবও। ছবি: এএফপি