


হায়দরাবাদ, ২৬ অক্টোবর: বিয়ের দাবি ঘিরে সম্পর্কের টানাপোড়েন, আর তার জেরেই মর্মান্তিক পরিণতির আশঙ্কা। হায়দরাবাদে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হল ২৯ বছরের এক তরুণী তথ্যপ্রযুক্তি কর্মীর ঝুলন্ত দেহ। রবিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে এক সহকর্মীর সঙ্গে ভিডিও কলে কথা বলেছিল ওই তরুণী। সেই সময় আত্মহত্যার হুমকি দিয়েছিলেন ওই তরুণী। যদিও ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনো খতিয়ে দেখছে পুলিশ।
মৃত তরুণীর নাম অর্চনা চৌধুরী মালিক। উত্তরপ্রদেশের বাসিন্দা অর্চনা হায়দরাবাদের একটি বহুজাতিক সংস্থায় সিনিয়র অ্যাসোসিয়েট পদে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে খবর, উত্তরাখণ্ডের বাসিন্দা এক সহকর্মীর সঙ্গে গত চার বছর ধরে সম্পর্কে ছিলেন তিনি। ওই যুবক বর্তমানে বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন বলেও জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রবিবার রাত আড়াইটে নাগাদ ওই যুবককে ভিডিও কল করেন অর্চনা। সেই সময় যুবকটি তাঁর মায়ের সঙ্গে একটি অনুষ্ঠানে ছিলেন। ভিডিও কলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না বাঁধা দেখিয়ে তাঁকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন অর্চনা, এমনটাই অভিযোগ। এরপর, সাড়ে পাঁচটা নাগাদ অর্চনার ফ্ল্যাটে পৌঁছন ওই যুবক। কিন্তু ভিতর থেকে দরজা বন্ধ থাকায় তিনি ঘরে ঢুকতে পারেননি। খবর দেওয়া হয় পুলিশকে। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে সিলিং ফ্যান থেকে অর্চনার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে তদন্তকারী দলের সদস্যরা। দেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যেই একটি মামলা রুজু করেছে পুলিশ। কী কারণে ওই তরুণী আত্মহত্যা করল তা খতিয়ে দেখছে পুলিশ।