


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা শহরে পা রাখলেন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। যিনি অ্যাক্সিওম ৪ মিশনের অংশ হিসেবে ১৮ দিন মহাকাশে কাটিয়েছিলেন। তিনিই প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রেখেছিলেন। চলতি বছর ১৭ আগস্ট তিনি আমেরিকা থেকে দেশে ফেরেন। এদিন কলকাতায় অনুষ্ঠানে যোগ দিতে এলে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, মহাকাশ থেকে ভারতকে দেখতে কেমন লাগছিল? তিনি উত্তরে বলেন, ‘এই প্রশ্ন তো রাকেশ শর্মাকেও করা হয়েছিল। আমি বলি, ভারত আজও সারে জাহাঁ সে আচ্ছাই আছে।’
বাইপাসের ধারে একটি সংগ্রহশালায় তিনি স্কুলপড়ুয়াদের সঙ্গে আলোচনায় যোগদান করেন। মহাকাশের অভিজ্ঞতা নিয়ে তাঁর বক্তব্য, ‘আপনি যত থাকবেন ততই আপনি উপভোগ করবেন।’ তিনি মজার ছলে আরও বলেন, ‘আসলে ফিরে আসতে ইচ্ছে করে না।’ তিনি জানান, প্রশিক্ষণের সময় যা শিখেছিলেন, তার চেয়ে অভিজ্ঞতা বেশ খানিকটা আলাদা। মহাকাশ বিজ্ঞানে ভারতের ভবিষ্যত্ অত্যন্ত উজ্জ্বল বলেই তিনি মনে করেন। শুভাংশু বলেন, ভবিষ্যতের পরিকল্পনায় রয়েছে গগনযান, ভারতের নিজস্ব স্পেস স্টেশন এবং চাঁদে মানুষ নিয়ে যাওয়া। আগামী ১০-২০ বছরের মধ্যে ভারত মহাকাশ বিজ্ঞানে আরও উন্নতি করবে বলেই মনে করছেন তিনি। তরুণ প্রজন্মকে নিয়ে তাঁর বক্তব্য, ‘ভারতের তরুণ প্রজন্ম অত্যন্ত প্রতিভাবান। তাঁদের উচিত লক্ষ্য স্থির করে কাজ করে যাওয়া। গগনযান ও ভবিষ্যতের মিশনের মাধ্যমে তরুণরা শুধু নভশ্চর হওয়ার স্বপ্নই দেখবে না তাঁরা দেশের মধ্যে থেকে সেই স্বপ্ন পূরন করতে পারবে।’
বায়ুসেনার প্রশিক্ষণের সময় তিনি দীর্ঘ সময় বারাকপুরে কাটিয়েছেন। সে কথাও উঠে আসে শুভাংশুর কণ্ঠে। তিনি বলেন, ‘বারাকপুরে আমাদের ইউনিট আছে। এই শহর খুব সুন্দর। আবার আসতে পেরে ভালো লাগছে।’