


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গঙ্গাসাগর মেলাকে হেরিটেজ তকমা দেওয়া হবে না। সোমবার এমনটাই জানিয়ে দিল মোদি সরকার। কুম্ভমেলা নিয়ে যত প্রচার, কেন্দ্রীয় উদ্যোগ, সরকারি অর্থ খরচ, তার সামান্য অংশও গঙ্গাসাগর মেলার জন্য করেনি মোদি সরকার। অথচ প্রায় একই সময়ে অনুষ্ঠিত হয়েছে দু’টি মেলাই। সবচেয়ে বড় কথা, কুম্ভ মেলা হয় সময়ের ব্যবধানে। গঙ্গাসাগর ফি বছর। প্রাচীনকাল থেকেই কপিল মুনির আশ্রম ঘিরে গঙ্গার সুমদ্র সঙ্গমের তটে আয়োজন হয়ে চলেছে গঙ্গাসাগর মেলা। দেশ বিদেশ থেকে আসেন পুণ্যার্থী-পর্যটকরা। তাই গঙ্গাসাগর মেলাকে হেরিটেজ তকমা দেওয়ার দাবিতে সরব হয়েছিল তৃণমূল।
কয়েকদিন আগেই রাজ্যসভায় মমতা ঠাকুর গঙ্গাসাগর মেলা প্রসঙ্গ তুলেছিলেন। একইভাবে লোকসভায় তৃণমূল সাংসদ মালা রায় সরকারকে লিখিত প্রশ্ন করেন। জবাবে সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানান, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার নিয়ম মোতাবেক ‘অ্যানসিয়েন্ট মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমেন অ্যাক্ট ১৯৫৮’র চার ধারায় কোনও স্থাপত্য বা এলাকাকে হেরিটেজ তকমা দেওয়া হয়। ঐতিহাসিক গুরুত্ব বিচার করেই তা দেওয়া হয়। গঙ্গাসাগর মেলার ক্ষেত্রে সেরকম কোনও প্রস্তাব নেই। কারণ উল্লেখিত আইনে সেটি সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত নয়।