


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি যে কোনও অনুষ্ঠানে মন্ত্রীদের জন্য থাকে জোয়ার, বাজরা, রাগির মতো দানাশস্যের (মিলেট) খাবার। তা সে বিস্কুট, খিচুড়ি হোক বা অন্য কোনও পদ। বিকল্প চাষে জোর দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশ মতো তাঁর পছন্দের শ্রীঅন্নর প্রচার হয়। কিন্তু সেই চাষে আশানুরূপ উৎসাহ নেই কৃষকদের। শীতকালীন রবিচাষে তাই শ্রীঅন্ন যেখানে ৫৫ লক্ষ হেক্টরে করার টার্গেট, সেখানে হয়েছে ৪৫ লক্ষ হেক্টর। এর মধ্যে জোয়ার চাষ হয়েছে ১৯ লক্ষ হেক্টর এলাকায়। অথচ টার্গেট ছিল ২৪ লক্ষ হেক্টর। গতবারের মতো এবারও ১১ হাজার হেক্টরেই হয়েছে বাজরা চাষ। রাগির চাষ গতবার এই সময়ের চেয়ে সামান্য বাড়লেও এখনও পর্যন্ত লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি।
কৃষিমন্ত্রক সূত্রে খবর, সারা দেশে রাগির চাষ হয়েছে ৬৮ হাজার হেক্টর জমিতে। অথচ টার্গেট ৭২ হাজার হেক্টর। তাই দানাশস্য চাষে কৃষকদের উৎসাহ বাড়াতে আগামী বাজেটে বাড়তি আর্থিক সুবিধার কথা ঘোষণার পরিকল্পনা করছে কেন্দ্র। মন্ত্রকের প্রাথমিক পরিকল্পনা এমনই। বিশেষজ্ঞদের মতে, শ্রীঅন্ন চাষে খরচ বেশি, সেই তুলনায় বাজারে দামও ঠিকমতো পাওয়া যায় না। ফলে দানাশস্য চাষে কৃষকদের উৎসাহও কম। আর সেই কারণেই বাড়তি আর্থিক সুবিধা দেওয়ার কথা ভাবছে মোদি সরকার।