


ঢাকা: বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন মহম্মদ ইউনুস। শিশু-নারী কাউকে রেহাই দেওয়া হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় এমনই অভিযোগ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার আওয়ামি লিগের ফেসবুক পেজে হাসিনার একটি অডিয়ো বার্তা পোস্ট করা হয়। সেখানে হাসিনা অভিযোগ করেন, এখন পড়ুয়ারা নির্বিচারে শিক্ষকদের উপর হামলা চালানোর সাহস পায়। সম্প্রতি এক মহিলাকে রাস্তায় ফেলে পিটিয়েছে পুরুষরা। আগে এই পরিস্থিতি ছিল না। মহিলা ও পুরুষদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ছিল। ইউনুসের আমলে বাংলাদেশের অর্থনীতিও ধ্বংস হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন হাসিনা। তাঁর দাবি, আওয়ামি লিগের আমলে ৫ কোটি মানুষ নিম্নমধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত স্তরে উঠে এসেছিল। কিন্তু ইউনুসের আমলে ৬ কোটি মানুষ দারিদ্রসীমার নীচে চলে গিয়েছে। যে জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়েছিলেন, সেই স্লোগান দেওয়ায় খুন করে মানুষকে নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। হাসিনার অভিযোগ, রীতিমতো ডেটাবেস তৈরি করে আওয়ামি লিগ কর্মীদের মারা হচ্ছে। রক্ষা পাচ্ছেন না তাঁদের বাবা-মা, পরিবারের অন্য সদস্যরাও। ছাড় পাচ্ছেন না দূর সম্পর্কের আত্মীয়রাও।