


নয়াদিল্লি: বাড়ছে পারিবারিক সঞ্চয়। এর হাত ধরে বাজারে আসবে বিপুল অর্থ। আগামী দশ বছরের মধ্যে পারিবারিক সঞ্চয়ের ভাণ্ডার থেকে ৯.৫ লক্ষ কোটি ডলারের বিনিয়োগ শক্তিশালী করবে ভারতের আর্থিক বাজার। অর্থাৎ শেয়ার বাজার, বিমা, পেনশন, অবসরকালীন তহবিলের মতো ক্ষেত্রে লগ্নি বাড়বে। গোল্ডম্যান স্যাক্সের রিপোর্টে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। এই রিপোর্টে লগ্নিতে চেনা ছক ভাঙার ইঙ্গিত মিলেছে। পরিবারগুলি সাধারণত জমি, বাড়ি ও সোনা কেনেন সঞ্চিত অর্থে। সেই ধারা বদলে আর্থিক সম্পদে লগ্নি বাড়তে চলেছে বলেই অনুমান গোল্ডম্যান স্যাক্সের। রিপোর্ট বলছে, আগামী এক দশকে ভারতে পারিবারিক সঞ্চয়ের পরিমাণ বেড়ে হতে পারে জিডিপির ১৩ শতাংশ। এক দশক আগে এই হার ছিল গড়ে ১১.৬ শতাংশ।
এই সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধির ফলে বিভিন্ন ক্ষেত্রেই অর্থের জোগান বাড়বে। বিশেষজ্ঞদের আশা, এই বিপুল লগ্নির একটা বড় অংশই বিমা, পেনশন ও অবসরকালীন তহবিলের মতো দীর্ঘমেয়াদি সঞ্চয়ে যেতে পারে। এর পরিমাণ প্রায় ৪ লক্ষ কোটি মার্কিন ডলার। শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ আসতে পারে প্রায় ০.৮ লক্ষ কোটি ডলার। আর ব্যাঙ্ক আমানতে জমার পরিমাণ হতে পারে ৩.৫ ট্রিলিয়ন ডলার। দেখা যাচ্ছে, উন্নত অর্থনীতির দেশগুলির ধাঁচেই বিভিন্ন আর্থিক সম্পদে ভারতীয় পরিবারগুলির সঞ্চিত অর্থের লগ্নি বাড়ছে। এধরনের পরিবর্তিত লগ্নির ফলে সামগ্রিকভাবে ভারতীয় অর্থনীতিই লাভবান হবে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। কারণ, এই পরিস্থিতি কর্পোরেটগুলির দীর্ঘমেয়াদি পুঁজির জোগান স্থিতিশীল হবে। সেইসঙ্গে পরিকাঠামো খাতে আর্থিক জোগানের গতি বাড়তে পারে। আর্থিক সঞ্চয় বৃদ্ধি মুলধনী বাজারে খুচরো লগ্নির পরিসরও বাড়বে।