


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারত ও পাকিস্তান সংঘাতের আবহ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বড়সড় কোনও কর্মসূচি পালিত হবে না। তবে মোদি সরকারের বিরোধিতায় সারা দেশে আন্দোলন চলবে। প্রয়োজনে হবে এলাকাভিত্তিক ধর্না, অবস্থান। এবার এমনই সিদ্ধান্ত নিল আন্দোলনকারী কৃষকরা। প্রসঙ্গত, ভারত-পাক সম্পর্কে চলতি উত্তেজনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি তাদের দেশব্যাপী সাধারণ ধর্মঘট কর্মসূচি কিছুটা পিছিয়ে দিয়েছে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। আজ, ২০ মের পরিবর্তে তা হবে আগামী ৯ জুলাই। এবার একপ্রকার সেই পথেই হাঁটল কৃষক সংগঠনগুলিও। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় নিয়ে আসার দাবিতে দীর্ঘদিন ধরেই মোদি সরকার বিরোধী আন্দোলনে শামিল হয়েছেন কৃষকরা।