


ভোপাল: দ্বিপাক্ষিক সম্পর্কে চরম তিক্ততা। এর মধ্যেও ঝড়ে আহত বিপন্ন শকুনকে বাঁচাতে হাত মেলাল ভারত ও পাকিস্তান। একটি বিপন্ন প্রজাতির সিনারিওস ভালচার (কালো শকুন) আকাশে ছেড়েছিল ভোপালের বনবিহার ন্যাশনাল পার্ক। জিপিএস ট্যাগ লাগানো সেই শকুনটি উড়ে যায় পাকিস্তানে। সেখানে ঝড়ের মুখে পড়ে আহত হয় পাখিটি। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লুডব্লুএফ-ইন্ডিয়া) ও ডব্লুডব্লুএফ-পাকিস্তানের যৌথ উদ্যোগে বিপন্ন প্রজাতির শকুনটির প্রাণরক্ষা করা সম্ভব হয়েছে।
জানা যাচ্ছে, গত ৩০ মার্চ মধ্যপ্রদেশের রাইসেন জেলার হালালি বাঁধ এলাকায় বছর দুয়েকের ওই শকুনটিকে প্রকৃতিতে উন্মুক্ত করা হয়। গত ৬ এপ্রিল শকুনটি পাকিস্তানে পৌঁছয়। কিন্তু পরদিনই জিপিএসের মাধ্যমে শকুনটির অবস্থান চিহ্নিত করার ব্যবস্থা বন্ধ হয়ে যায়। তড়িঘড়ি পাক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন ভারতের আধিকারিকরা। পাক আধিকারিকদের উদ্যোগেই শকুনটির হদিশ মেলে।
জানা যায়, খানেওয়াল জেলায় ঝড়ের কবলে পড়ে আহত হয়েছিল ওই শকুন। সঙ্গে একটি ইউরেশিয়ান গ্রিফন শকুনও আহত হয়। স্থানীয় বাসিন্দারাই বনদপ্তরে বিষয়টি জানান। স্থানীয় পুলিশের সহযোগিতায় সেগুলিকে নিয়ে যাওয়া হয় পাকিস্তানের চাংগা মাংগা শকুন প্রজনন কেন্দ্রে। বন বিহার জাতীয় উদ্যানের পক্ষ থেকে জানানো হয়েছে, কালা শকুনটি সামান্য আঘাত পেয়েছিল। দ্রুত সেরে উঠছে সেটি। সম্পূর্ণ সুস্থ হলে তাকে ফের প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে। যদিও তার দেহে লাগানো জিপিএস ডিভাইসটি খুঁজে পাওয়া যায়নি। ছবি সমাজমাধ্যমের সৌজন্যে।