


নয়াদিল্লি, ৩১ অক্টোবর: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ‘আয়রণ লেডি’ বা ‘লৌহ মানবী’। প্রয়াণবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন রাহুল গান্ধী, যেখানে ঠাকুমার কোলে বসে রয়েছেন তিনি। ছোটবেলায় কাটানো সুন্দর একটি মুহূর্তকে পোস্ট করে আবেগঘন হয়ে রাহুল লেখেন, ‘তোমার কোলে বসা। তোমার দুটি হাত ধরে থাকা। তোমার মুখে এই কথাগুলো শোনা এবং তোমার পিছু পিছু সেগুলোর পুনরাবৃত্তি করা...কী সুন্দর উপহারটাই না তুমি আমাকে দিয়েছিলে, ঠাকুমা!’ শনিবার দিল্লির ‘শক্তি স্থল’-এ গিয়ে ঠাকুমাকে শ্রদ্ধাও জানান রাহুল গান্ধী।
অন্যদিকে, ঠাকুমাকে স্মরণ করে আবেগপ্রবণ হয়ে প্রিয়াঙ্কা গান্ধী সমাজ মাধ্যমে লেখেন, ‘কী অপূর্ব নারীই না তিনি ছিলেন! আকাশের মতো মুক্ত, সমুদ্রের মতো গভীর, পৃথিবীর মতো সহনশীল এবং আগুনের চেয়েও উজ্জ্বল।’
ইন্দিরা গান্ধীর প্রয়াণবার্ষিকীতে দেশের অন্যান্য শীর্ষ নেতারাও তাঁকে শ্রদ্ধা জানান। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এক্সে পোস্ট করে লিখেছেন, ‘অদম্য সাহস, অবিচল সংকল্প এবং দূরদর্শী নেতৃত্বের প্রতীক ইন্দিরা গান্ধী।’