


তেহরান: ইজরায়েলের হামলায় নিহত ইরানের এলিট নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি। হরমুজ প্রণালীকে অবরদ্ধ করে রাখার ভার ছিল তাঁর হাতেই। গত বৃহস্পতিবার হরমুজের এই ‘প্রহরী’কে নিকেশ করা হয়েছে বলে দাবি করে ইজরায়েল। প্রাথমিকভাবে ইরানের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে সোমবার ইরানও আলিরেজার মৃত্যসংবাদে সিলমোহর দিল। ইরান জানিয়েছে, নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরির মৃত্যু হয়েছে। এদিন ইরানের জাতীয় টিভিতে সম্প্রচারিত আইআরজিসি-র বিবৃতিতে একথা জানানো হয়। সেখানে বলা হয়, গুরুতর আঘাতের ফলে তাংসিরি প্রাণ হারিয়েছেন। প্রয়াত নৌবাহিনীর প্রধানকে শ্রদ্ধা জানিয়ে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের প্রভাব বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। বিবৃতিতে আরও বলা হয়, ‘দেশের প্রতিটি যোদ্ধাই এক একজন তাংসিরি।’