


তেহরান, ১ মার্চ: ইরানে ইজরায়েল এবং আমেরিকার যৌথ মিসাইল হামলায় মৃত্যু হয়েছে সেদেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই-র। কিন্তু ৮৬ বছরের খামেনেইয়ের মৃত্যুর পরও মোটেই দমেনি ইরান। ইজরায়েলের পাশপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে প্রত্যাঘাত শুরু করেছিল আগেই। এবার নিজেদের অবস্থান আরও স্পষ্ট করল তেহরান। জানাল, খামেনেইয়ের পরবর্তীকালে তাঁর কুর্সিতে বসতে চলেছেন আয়াতোল্লা আলিরেজা আরাফি। তিনিই হবেন খামেনেইয়ের উত্তরসূরী। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অস্থায়ী ভাবে একটি কমিটিও গঠন করেছে ইরান। তিন সদস্যের ওই কমিটিতে রয়েছেন খোদ আরাফিও। তিন সদস্যের এই কাউন্সিলের নেতৃত্ব দেবেন তিনিই।
খামেনেই ঘনিষ্ঠ ৬৭ বছরের আরাফি ইরানের শীর্ষ ধর্মীয় নেতাদের মধ্যে অন্যতম। দেশের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ডেপুটি চেয়ারম্যানও ছিলেন। পাশপাশি দেশের শিক্ষাব্যবস্থার প্রধানের দায়িত্বও সামলেছেন। ইতিমধ্যেই, সেদেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, বদলা তাঁরা নেবেই। প্রতিশোধ নেওয়াটা তাঁদের বৈধ অধিকার এবং কর্তব্য। আর এই কাজে কোনওরকম খামতিই রাখবে না ইরান। প্রয়োজনে সমস্ত শক্তি প্রয়োগ করা হবে। অন্যদিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছে, আগামী দিনে সন্ত্রাসবাদী শাসকের উপর আমরা আরও হামলা চালাব। ইরানের মানুষরা যাতে শোষকের হাত থেকে মুক্ত হতে পারেন আমরা সেই পরিস্থিতি তৈরি করবই।