


নয়াদিল্লি: বেঞ্জামিন ‘বিবি’ নেতানিয়াহু কোথায়? তিনি কি মৃত? ইরানের আয়াতোল্লা আলি খামেনেইয়ের মতো পরিণতি হল তাঁরও? ইজরায়েলের প্রধানমন্ত্রীকে নিয়ে এই জল্পনার নেপথ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তাঁর একটি ভিডিও-কাট ছবি। পিছনে নীল পর্দা ও দু’পাশে ইজরায়েলের জাতীয় পতাকা। ডায়াসের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন নেতানিয়াহু। ছবিতে তাঁর ডান হাতটি লাল রঙে গোল করে চিহ্নিত করা হয়েছে। দেখে মনে হচ্ছে নেতানিয়াহুর হাতে ৬টি আঙুল! যুদ্ধের দু’সপ্তাহের মাথায় এই ছবি ঘিরেই প্রতিক্রিয়ার বন্যা বইছে। নেটিজেনদের বড় অংশের মতে, এআই-এডিটেড ছবি। আবার অনেকেরই দাবি, ইজরায়েলের প্রধানমন্ত্রীর ‘ডামি’ ব্যবহার করে ভিডিয়োটি প্রকাশ করা হয়েছে। আর এইসব পোস্ট ঘিরেই জল্পনা তুঙ্গে ওঠে, তাহলে কি নেতানিয়াহুর মৃত্যু হয়েছে? সেই তথ্য গোপন করে তাঁকে জীবিত প্রমাণেই ইজরায়েল সরকার ভিডিওটি প্রকাশ করেছে?
নেটিজেনদের একটা অংশের দাবি, স্বয়ং নেতানিয়াহুর এক্স হ্যান্ডল থেকেই ভিডিওটি শেয়ার করা হয়েছে। পরে সেই পোস্ট ডিলিটও করে দেওয়া হয়েছে। সেই পোস্টেই অবিশ্বাস্যভাবে দেখা যাচ্ছে, ‘বিবি’র ডান হাতে ৬টি আঙুল! কিন্তু ইজরায়েলের প্রধানমন্ত্রীর হাতে তো অধিকাংশ মানুষের মতোই পাঁচটি আঙুল ছিল! তাহলে ছবিতে যাঁকে দেখা যাচ্ছে তিনি কি আসল নেতানিয়াহু নন? সেই সূত্রেই তাঁর মৃত্যুর আশঙ্কা নিয়েও সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে ওঠে। যদিও এরপরই এক্স-এর এআই চ্যাটবট গ্রক ফ্যাক্ট-চেকে নামে। দেখা যায়, নেতানিয়াহুর মৃত্যুর দাবি করা অধিকাংশ মন্তব্যই আনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে করা হয়েছে। সেইসব দাবি ভুয়ো। গ্রকের আরও দাবি, ইজরায়েলের প্রধানমন্ত্রীর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও পোস্টই করা হয়নি। গ্রকের তরফে বলা হয়েছে, ‘না, ইজরায়েলের প্রধানমন্ত্রী কোনও ট্যুইট ডিলিট করেননি। অ্যাকাউন্টে ওরকম কোনও ভাষণের অস্তিত্বও নেই। পোস্টের স্ক্রিনশট ভুয়ো। নেতানিয়াহু জীবিত রয়েছেন। ইরানি মিডিয়া ও সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হয়েছে। আস্থা রাখুন একমাত্র অফিসিয়াল ভেরিফায়েড সূত্রগুলিতে।’