


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার সমাবেশ থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশে ছাব্বিশের ভোটযুদ্ধের বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার মেয়ো রোডে সমাবেশে জড়ো হবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ছাত্রছাত্রী। তাঁদের সামনে মমতা সামনে রাখবেন, তরুণ প্রজন্মের প্রতিনিধিস্বরূপ কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছাব্বিশের ভোটযুদ্ধে কী ভূমিকা থাকবে। তবে সাম্প্রতিককালে তৃণমূল ছাত্র নেতাদের কাজকর্মে বেশকিছু অভিযোগ সামনে আসায় দলের ভাবমূর্তিতে কিছুটা আঘাত লেগেছে। বিশেষ করে দক্ষিণ কলকাতা ল’কলেজে ধর্ষণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে ছাত্র নেতাদের আচরণ কী হওয়া উচিত, সেটাই আজ খোলা মঞ্চ থেকে মমতা জানান দিতে পারেন। দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। সেই সম্পর্কে আজ মমতার বক্তব্যে কিছু উঠে আসে কি না, তা নিয়েই কৌতূহল তুঙ্গে। সভায় বক্তব্য রাখবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিকে, আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিকম, এলএলবি ছাড়াও কলা ও বিজ্ঞান শাখার সব মিলিয়ে তৃতীয় সেমেস্টারের ১৪টি বিষয়ের পরীক্ষা রয়েছে। কমার্স এবং ল’ ছাড়া বাকি বিষয়গুলি মূলত সাপ্লিমেন্টারি পরীক্ষা বলেই জানা যাচ্ছে বিশ্ববিদ্যালয় সূত্রে। সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ২২ হাজারের আশপাশে। কমার্স পেপারটির ৮৭টি কেন্দ্রে এবং অন্যান্য বিষয়গুলির ৭৫টি কেন্দ্রে পরীক্ষা হবে। সরকার, কলেজ কর্তৃপক্ষ এবং অধ্যক্ষদের তরফে বারবার অনুরোধ আসা সত্ত্বেও পরীক্ষার দিন পরিবর্তন করতে সম্মত হয়নি। এ নিয়ে টিএমসিপির নেতা অভিরূপ চক্রবর্তীর একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তাতে অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত এবং তাঁর সহযোগীদের রীতিমতো শাসাতে দেখা গিয়েছে তাঁকে। এ নিয়ে বিতর্কের মধ্যেই আবার অভিরূপ ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, পরীক্ষার্থীদের পাশে সবরকম সহযোগিতার জন্য থাকবে টিএমসিপি। টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, পরীক্ষার্থীদের যানবাহনের সমস্যায় তাঁরা পাশে থাকবেন। প্রয়োজনে সমাবেশের বাসেও তাঁদের তুলে নেওয়া হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় টিএমসিপি ইউনিটের তরফে একটি হেল্পলাইন নম্বরও প্রচার করা হয়েছে। যেকোনও সমস্যায় ৮৬৭০৪১৩৭৭৮ নম্বরে ফোন করতে পারবেন পরীক্ষার্থীরা।