


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর মহাকুম্ভ নেই। ফলে অতিরিক্ত পুণ্যার্থী আসবে গঙ্গাসাগর মেলায়। সেই অনুযায়ী প্রস্তুতি সেরে রাখছে রাজ্য। পুণ্যার্থীদের সুরক্ষা সুনিশ্চিত করতে কী করণীয়, এদিন সেই সংক্রান্ত বার্তা দেবেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, একাধিক মন্ত্রী থেকে শুরু করে মুখ্যসচিব এবং সংশ্লিষ্ট দপ্তরের সচিবরা উপস্থিত থাকবেন বৈঠকে। মুখ্যমন্ত্রী কবে সরেজমিনে প্রস্তুতি খতিয়ে দেখতে যাবেন, তাও ওই দিনই তিনি জানতে পারেন বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে মেলার সময় কোন মন্ত্রীর কী দায়িত্ব থাকবে, তাও তিনি সেদিনই জানিয়ে দিতে পারেন বলে প্রশাসনিক সূত্রে খবর।