


কাঠমাণ্ডু: গণ অসন্তোষে মুখে নেপালে পতন ঘটেছে কে পি ওলি সরকারের। বিদ্রোহের পর্বে আক্রমণের মুখে পড়তে হয়েছে সরকারের মন্ত্রীদেরও। দেখা গিয়েছে, জেন জি বিক্ষোভকারীদের হাতে মার খাচ্ছেন রাজনৈতিক নেতা-মন্ত্রী থেকে সরকারি আধিকারিকরাও। উন্মক্ত জনতার হাত থেকে প্রাণ বাঁচতে সেনা কপ্টারের রেসকিউ সিলিং (উদ্ধারের জন্য ব্যবহৃত দড়ি) ঝুলে পালালেন মন্ত্রী তাঁর পরিবারের সদস্যরা। এমনই একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, কাঠমাণ্ডুতে মন্ত্রীর বাসভবনের ছাদের সামান্য উঁচুতে রয়েছে সেনার হেলিকপ্টারটি। এরপর একটি লম্বা দড়ি নীচে ফেলে দেওয়া হয়। তারপর সেই দড়ি ধরে তিনজন ঝুলে পালিয়ে যান। ওই মন্ত্রীর নাম অবশ্য জানা যায়নি।
গত মঙ্গলবার প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করতেই হামলা হয় একের পর এক নেতা-মন্ত্রীর উপর। তথ্য যোগাযোগমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং, উপ প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পৌড়েল সহ একাধিক মন্ত্রী বিক্ষোভকারীদের হাতে প্রহৃত হন। দেশে অরাজকতার সুযোগ নিয়ে জেল ভেঙে পালিয়ে গিয়েছে বহু বন্দি। এদিকে, এদিন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ কানাল জানিয়েছেন, তাঁর স্ত্রী মারা যাননি। হাসপাতালে চিকিৎসাধীন।