


কুয়ালালামপুর: সন্ত্রাসবাদের মোকাবিলায় আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। এবিষয়ে কোনো দ্বিচারিতা নয়। কোনোরকম আপস করা হবে না। মালয়েশিয়ার মাটিতে দাঁড়িয়ে এমনই বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির কথা বলেন তিনি।
শনিবার দু’দিনের মালয়েশিয়া সফরে যান মোদি। বিভিন্ন ইস্যু নিয়ে সেদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা করেন তিনি। দুই রাষ্ট্রনেতার আলোচনার ভিত্তিতে একাধিক মউ স্বাক্ষর হয়। পরে যৌথ সাংবাদিক সম্মেলনে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বের কথা তুলে ধরেন ভারতীয় প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশিদারিত্ব আরও বৃদ্ধি করবে ভারত-মালয়েশিয়া। মোদি বলেন, ‘ভারত ও মালয়েশিয়ার মধ্যে এক বিশেষ সম্পর্ক রয়েছে। আমরা সামুদ্রিক প্রতিবেশী। ভারতীয় বংশোদ্ভূতদের বাসস্থান হিসাবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ মালয়েশিয়া।’ তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবাদ মোকাবিলায় আমরা সহযোগিতা বৃদ্ধি করব। গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সামুদ্রিক নিরাপত্তা নিয়ে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সেমিকন্ডাক্টর, স্বাস্থ্য, খাদ্য সুরক্ষায় পারস্পরিক অংশিদারিত্ব এগিয়ে নিয়ে যাব।’ সাংবাদিক সম্মেলনে মোদির ভূয়সী প্রশংসা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তি স্থাপনের জন্য সবসময় পাশে থাকেন প্রধানমন্ত্রী মোদি। এর জন্য তাঁকে ধন্যবাদ জানাই।’ এদিকে কুয়ালা লামপুরে এক বিশেষ অনুষ্ঠানের সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী। সেখানে মোদির জন্য ‘তিতাহ সেরি রামা’ নামে এক ঐতিহ্যবাহী পুতুল নাচের আয়োজন করা হয়। হিকায়াত সেরি রামে নামক মহাকাব্যের উপর তৈরি এই পুতুলনাচ আঞ্চলিক লোকগাথা ও ভারতীয় পুরাণের এক অসামান্য মেলবন্ধন।