


ইসলামাবাদ, ৩ ফেব্রুয়ারি: ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পর বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কাছে বড় ধাক্কা খেল পাকিস্তান। সূত্রের খবর ভারতের বিরুদ্ধে আসন্ন টি-২০ বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে কাউকে পাশে পাচ্ছে না পাকিস্তান বোর্ড। ফলে তাদের উপর চাপ বাড়ছে। এখনও পর্যন্ত একটি ক্রিকেট বোর্ডও পাকিস্তানের এই সিদ্ধান্তকে সমর্থন জানায়নি। এমনকি, বাংলাদেশের বোর্ডও কোনও বিবৃতি দেয়নি।
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে মোট ৪৫০০ কোটি টাকার ক্ষতি হবে। সেক্ষেত্রে আইসিসির পাশাপাশি প্রতিটি দেশও আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। সেটি তারা চাইছে না। তার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করছে বোর্ডগুলি। ফলে চাপ আরও বাড়ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। বিভিন্ন বোর্ডের দাবি, টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাক দলের না খেলার সিদ্ধান্ত দ্বিচারিতা। তবে ভারতের বিরুদ্ধে আসন্ন বিশ্বকাপে না খেললেও অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে দিব্যি খেলছে দু-দলই। এমনকি, ১৫ ফেব্রুয়ারি থাইল্যান্ডে মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচ রয়েছে। সেদিনই আবার টি-২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ। যে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। মনে করা হচ্ছে কোনও বোর্ডের কাছে সমর্থন না পাওয়ার ফলেই এখনও আইসিসিকে সরকারি ভাবে ম্যাচ বয়কটের কথা জানায়নি পাক বোর্ড।