


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে দেশের অর্থনীতি পাঁচ লক্ষ কোটি মার্কিন ডলারে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিল মোদি সরকার। সময়সীমা পেরলেও, তা অর্জন করতে পারেনি দেশ। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, তাঁরা প্রায় সেই লক্ষ্যমাত্রার কাছাকাছি চলে এসেছেন। শীঘ্রই লক্ষ্যপূরণ সম্ভব হবে। কিন্তু পাঁচ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতি ছুঁতে এখনও তিনবছর লাগবে বলে জানালেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর দাবি, ২০২৭-২৮ অর্থবর্ষের মধ্যে দেশ ওই টার্গেটে পৌঁছতে পারবে। বিশ্বেজুড়ে আর্থিক অস্থিরতা চরমে। যুদ্ধ পরিস্থিতিতে টালমাটাল অবস্থা অর্থনীতির। এই পরিস্থিতিতে কীভাবে আশার আলো দেখছে দেশ? বণিকসভা মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক ওয়েবিনারে অংশ নিয়ে পীযূষ গোয়েল যুক্তি দেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে এমন টালমাটাল পরিস্থিতিরই দরকার। তাঁর কথায়, ইতিহাস বলছে, যেসব রাষ্ট্র বড় অর্থনীতির দেশে পরিণত হয়েছে, তা ‘স্থির জলে’ থেকে সম্ভব হয়নি। সমুদ্রের ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে পড়েই অর্থনীতি বেড়েছে। অর্থাৎ টালমাটাল পরিস্থিতির মধ্যে পড়েই তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি সম্ভব হয়েছে বলে দাবি করেছেন তিনি। পীযূষ গোয়েল বলেন, বর্তমানে যে পরিস্থিতি চলছে, আমরা তাকেই কাজে লাগাতে চাই। তা না-হলে সুযোগের সদ্ব্যবহার করা যাবে না। বর্তমান প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে ভারত যেসব ক্ষেত্রে বিশ্বে সুবিধাজনক অবস্থানে থাকবে, তাকেই কাজে লাগাতে হবে বলে দাবি করেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, সার্বিকভাবে বিশ্বের অস্থিরতার মধ্যে থেকেই নিজ স্বার্থরক্ষায় সমর্থ হয়েছে ভারত। ২০২৭-২৮ অর্থবর্ষের মধ্যে ভারত পাঁচ লক্ষ কোটি মার্কিন ডলার অর্থনীতির দেশে পরিণত হওয়ার পাশাপাশি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিও হয়ে উঠবে।