


ভোপাল: বিজেপি সরকারের ব্যর্থতা তুলে ধরতে গিয়ে সেমসাইড গোল! বেঁফাস মন্তব্যের জেরে বিপাকে মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি জিতু পাটওয়ারি। রাজ্যের মহিলাদের মদ্যপানের অভ্যাস নিয়ে মন্তব্যের জেরে প্রবল সমালোচনার মুখে পড়েছেন জিতু। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, দেশের যে কোনও রাজ্যের থেকে মধ্যপ্রদেশের মহিলারা বেশি মদ্যপান করেন। তাঁর মতে, মধ্যপ্রদেশকে একসময় উন্নয়নের প্রকৃষ্ট উদাহরণ হিসেবে তুলে ধরা হতো। সেই রাজ্য এখন মাদকাসক্তির অন্ধকারে তলিয়ে যাচ্ছে। তিনি মদ ও মাদক রুখতে রাজ্যের বিজেপি সরকারের ব্যর্থতাকে দায়ী করেন। তাঁর কথায়, ‘আমাদের মা-বোনেরা মাদকাসক্ত হয়ে পড়ছেন। লাডলি বেহনা প্রকল্পের নামে বিজেপি ভোট চায়। তবে তারা কখনও মহিলাদের মাদকাসক্তি থেকে মুক্তির কোনও ব্যবস্থা করেনি।’
জিতুর এই বেফাঁস মন্তবের তীব্র সমালোচনা করেছে রাজ্যের শাসক দল বিজেপি। দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী কংগ্রেস নেতার মন্তব্যকে ‘অশোভন’ বলে তোপ দেগেছেন। গেরুয়া দলের আর এক মুখমাত্র নেতা বগ্গার দাবি, প্রচারে আলোয় আসতেই মহিলাদের সম্পর্কে এমন মানহানিকর মন্তব্য করেছেন জিতু। নেহা বলেছেন, ‘গুরুত্বহীন হয়ে পড়লেই কোনও নেতা এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন। এটা মহিলাদের সম্মানহানি ছাড়া অন্য কিছু নয়। আসলে মহিলারা নন, আপনার মনটাই মাদকাসক্ত।’ উল্লেখ্য, ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভে-৫ অনুযায়ী, দেশে সবচেয়ে বেশি মদ্যপান করেন অরুণাচল প্রদেশের মহিলারা (২৬ শতাংশ)। এরপরে রয়েছে সিকিম (১৬.২ শতাংশ)। মধ্যপ্রদেশে এই হার ১.৬ শতাংশ।