


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের জন্য কলকাতায় এসে ইন্টারভিউ দিতে সমস্যায় পড়ছেন প্রার্থীরা। সেই কারণে ষষ্ঠ থেকে দশম পর্যায়ের ইন্টারভিউ আপাতত স্থগিতই করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৬ এপ্রিল থেকে ৬ জুন পর্যন্ত ইন্টারভিউগুলি হওয়ার কথা ছিল। তবে, বুধবার বিজ্ঞপ্তি দিয়ে সেগুলি বাতিল করেছে পর্ষদ। আদর্শ আচরণবিধি যে এক্ষেত্রে বাধা নয়, তা স্পষ্টই জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি বলেন, ‘হাজার হাজার প্রার্থী এই ভোটের সময়ে তাঁদের ইন্টারভিউয়ের সূচি পিছানোর জন্য আবেদন করেছেন। তাই তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্ষদের মতো স্বশাসিত সংস্থার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলছে। আদর্শ আচরণবিধি এক্ষেত্রে কোনো বাধা নয়।’ সোমবারই পর্ষদের নিজস্ব বৈঠকে স্থির হয়েছিল, ভোট সত্ত্বেও ইন্টারভিউ প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে। তবে, দুদিনের মধ্যেই এরকম সিদ্ধান্ত কেন? গৌতমবাবুর ব্যাখ্যা, এইসময়ের মধ্যেই হাজার দুয়েক আবেদন জমা পড়েছে ইন্টারভিউ স্থগিত রাখার জন্য। কোনো কারণে যদি প্রার্থীরা সত্যিই উপস্থিত না-হন, তাহলে তাঁদের চাকরির সম্ভাবনা শেষ তো হবেই, পর্ষদও শূন্যপদ পূরণ করতে না পেরে বিপদে পড়বে। সেই কারণে এই সিদ্ধান্ত নিয়ে পরবর্তী বৈঠকে তা পাশ করানো হবে।
প্রসঙ্গত, ১৩,৪২১টি শূন্যপদ পূরণের জন্য ইন্টারভিউ চলছে। পঞ্চম পর্যায়ের ইন্টারভিউ চলেছে ১০ থেকে ১৯ মার্চ পর্যন্ত। তবে, ষষ্ঠ থেকে দশম পর্যায়ের টানা একমাসের ইন্টারভিউ স্থগিত হয়ে যাওয়ায় নিয়োগ প্রক্রিয়া সার্বিকভাবে অনেকটাই পিছিয়ে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।