


মিলান: বয়সটা নিছকই তাঁর কাছে সংখ্যা। ৪০ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলের খিদে এতটুকুও কমেনি। শনিবারও দেশের জার্সিতে জোড়া লক্ষ্যভেদে ঝলমলে সিআরসেভেন। আর্মেনিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে বিশ্বকাপ বাছাই পর্বের শুরুটা দুর্দান্ত করল পর্তুগাল। রোনাল্ডো ছাড়াও জোড়া গোল জোয়াও ফেলিক্সের। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন জোয়াও কানসেলো।
শনিবারের জোড়া লক্ষ্যভেদের পর পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর গোলসংখ্যা দাঁড়াল ১৪০। আর কেরিয়ারে মোট গোল ৯৪২। পাশাপাশি বাছাই পর্বে গোলের নিরিখে মেসিকে (৩৬) ছাড়িয়ে গেলেন সিআরসেভেন (৩৮)। এই তালিকায় শীর্ষে রয়েছেন গুইতেমালার কার্লোস লুইজ (৩৯)। উল্লেখ্য, শনিবার গ্রুপ এফ-এর ম্যাচে আর্মেনিয়ার বিরুদ্ধে পর্তুগালকে ১০ মিনিটেই এগিয়ে দেন ফেলিক্স (১-০)। এরপর ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ডো (২-০)। ৩২ মিনিটে স্কোরশিটে নাম তোলেন কানসেলো (৩-০)। বিরতির পর খেলা শুরুর ৪৬ সেকেন্ডের মধ্যেই ফের জ্বলে উঠলেন রোনাল্ডো। ভিটিনহার থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে তাঁর দূরপাল্লার শট জালে জড়ায় (৪-০)। আর ৬১ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোঁতেন ফেলিক্স (৫-০)।
এদিকে, শুক্রবার ইউক্রেনকে ২-০ গোলে হারাল ফ্রান্স। ম্যাচের দুই গোলদাতা ওলিসে ও এমবাপে। তবে চোট পেয়েছেন ডেম্বেলে। এছাড়া এস্তোনিয়াকে ৫-০ ব্যবধানে হারাল ইতালি। জোড়া লক্ষ্যভেদ রেতেগুইয়ের। এছাড়া জাল কাঁপিয়েছেন কিন, রাসপাডোরি ও আলেসান্ড্রো বাস্তোনি।