


নয়াদিল্লি: সুরক্ষা ইস্যুতে ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আসতে চায়নি বাংলাদেশ। তাই হঠাৎ করেই প্রতিযোগিতা শুরু হওয়ার ১৪ দিন আগে টি-২০ বিশ্বকাপে খেলার আমন্ত্রণ পেয়েছে স্কটল্যান্ড। কালবিলম্ব না করে মঙ্গলবারই ১৫ জনের দল ঘোষণা করল তারা। ২০২৪ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা ১১ জন ক্রিকেটারকে দলে রেখেছে ক্রিকেট স্কটল্যান্ড। তবে প্রথমবার বিশ্বকাপ খেলবেন টম ব্রুস, ফিনলে ম্যাকক্রিল ও অলিভার ডেভিডসন। এছাড়াও সুযোগ পেয়েছেন আফগানি বংশোদ্ভূত পেস বোলার জাইনুল্লা ইহসান। এছাড়া পাঁচ জন রিজার্ভ ক্রিকেটারের নামও জানিয়েছে স্কটল্যান্ড। তার মধ্যে দু’জন দলের সঙ্গে ভারতে আসবেন। ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেজ বলেন, ‘এই ভাবে বিশ্বকাপ খেলতে চাইনি আমরা। বাংলাদেশের জন্য খারাপ লাগছে। তবে হঠাৎ করে পাওয়া সুযোগ কাজে লাগাতে মরিয়া ক্রিকেটাররা।’ তবে এত কম সময়ে স্পনসরের ব্যবস্থা করতে পারেনি ক্রিকেট স্কটল্যান্ড। ফলে তৈরি হয়নি জার্সি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কর্মতৎপরতা।