


নয়াদিল্লি: সিঙ্গাপুর ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি। বৃহস্পতিবার টানটান লড়াইয়ের পর ইন্দোনেশিয়ান জুটিকে বশ মানান তাঁরা। উল্লেখ্য, সাবার গুটামা ও মহম্মদ রেজা টুর্নামেন্টে সপ্তম বাছাই। প্রায় ১ ঘণ্টা ১৪ মিনিটের হাড্ডাহাড্ডি ম্যাচের ফল ১৯-২১, ২১-১৬, ২১-১৯। প্রথম গেমে পরাস্ত হয়েও ভারতীয় শাটলার জুটির দুরন্ত কামব্যাক রীতিমতো তারিফযোগ্য। শেষ ষোলোয় সাত্ত্বিক-চিরাগ জুটির প্রতিপক্ষ মালয়েশিয়ার নুর ইজ্জুউদ্দিন ও গোহ ফেই। দ্বিতীয় বাছাইদের বিরুদ্ধে রীতিমতো কঠিন চ্যালেঞ্জ চিরাগদের সামনে। গত কয়েকমাস ধরেই চোট সমস্যায় ভুগতে হয়েছে ভারতীয় জুটিকে। রিহ্যাব সেরে কোর্টে ফেরার পর বেশ ঝলমলে দেখাচ্ছে চিরাগ ও সাত্ত্বিককে।
এদিকে, ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন পিভি সিন্ধু। দু’বারের ওলিম্পিকস পদকজয়ী সিন্ধু সিঙ্গাপুর ওপেনেও ব্যর্থ। দ্বিতীয় রাউন্ডে চীনের চেন ইউফেইয়ের বিরুদ্ধে ৯-২১, ২১-১৮, ১৬-২১ গেমে পরাস্ত হন সিন্ধু। প্রতিপক্ষের জোরালো স্ম্যাশের কোনও জবাব ছিল না তাঁর কাছে। চেনের সঙ্গে ১৩ টি সাক্ষাতে এটি সিন্ধুর সপ্তম হার। পাশাপাশি এইচ এস প্রণয়ও বিদায় নিলেন। ফ্রান্সের ক্রিস্টো পোপোভের কাছে হেরে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেলেন প্রণয়।