


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সূত্রের খবর, তিনি গতকাল, শুক্রবার রাতে আচমকাই শরীরে অস্বস্তি বোধ করেন। মাথা ঘুরছিল ও শ্বাসকষ্ট হচ্ছিল। সেই কারণেই দেরি না করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় সৃজিতকে। আজ, শনিবার সকালে তাঁর নানা শারীরিক পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সৃজিত আপাতত স্থিতিশীল রয়েছেন। সমস্ত পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত বলা সম্ভব নয় পরিচালকের কী হয়েছে।
তবে তাঁর শরীরে পুরনো কোনও সমস্যা রয়েছে কিনা সেটাও পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা। পরিচালক হিসেবে জনপ্রিয়তা রয়েছে সৃজিতের। তাই তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করছেন অনেকে। আপাতত হাসপাতালেই চিকিৎসা চলবে সৃজিতের, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।