


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, ৫ জুন বিশ্বজুড়ে পালিত হবে পরিবেশ দিবস। বাংলায়ও বিভিন্ন দপ্তর হরেক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। পঞ্চায়েত দপ্তর রাজ্যজুড়ে ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্প রূপায়ণ করছে। এই প্রকল্পের অধীনে কঠিন বর্জ্য ব্যাবস্থপনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে রাজ্যজুড়ে সচেতনতা শিবিরের আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলাকে। তবে এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে নারাজ রাজ্য সরকার। সেই কারণে আগামী এক মাসে ৪১০ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে তারা। এই টাকায় একাধিক পরিকাঠামো উন্নয়নের কাজ চলবে।
গত অর্থবর্ষে (২০২৪-২৫) এই খাতে রাজ্যে প্রায় ৮৫০ কোটি অর্থমূল্যের পরিকাঠামো তৈরি হয়েছে। এবছর আরও বেশি টাকার কাজ করার টার্গেট নিয়েছে রাজ্য। সেই লক্ষ্যে আর্থিক বছরের শুরুতেই প্রায় ৫০ কোটি টাকার কাজে হাত দেওয়া হয়েছে। এবার নেওয়া হচ্ছে আরও ৪০০ কোটি টাকার প্রকল্প। এই প্রকল্পের ৬০ শতাংশ টাকা জোগায় কেন্দ্র। বাকি ৪০ শতাংশ টাকা দেয় রাজ্য সরকার। আগামী এক-দু’দিনের মধ্যে এই অর্থ পঞ্চায়েত দপ্তরকে দেওয়া হবে। ‘বাংলার বাড়ি’ প্রকল্পের অধীনে ১২ লক্ষ উপভোক্তাকে পাকা বাড়ি তৈরির টাকা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর মধ্যে সাড়ে ৬ লক্ষের বেশি বাড়িতে ‘মিশন নির্মল বাংলা’র শৌচাগার তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৬ হাজার উপভোক্তাকে এই খাতের টাকা দেওয়া হবে। সেই খরচও এই ৪১০ কোটি থেকেই করা হবে বলে জানা গিয়েছে। এছাড়া, ‘ধূসর জল ব্যাবস্থাপনা’ সংক্রান্ত বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হবে। আগামী ৮ জুন বিশ্ব মহাসাগর দিবস উপলক্ষ্যে গোসাবায় একটি সচেতনতা শিবিরের আয়োজন করতে চলেছে পঞ্চায়েত দপ্তর।