


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের সংবিধান শুধুমাত্র একটি রাজনৈতিক নথি নয়, এটি একটি অর্থনৈতিক দলিলও। বণিকসভা আইসিসি আয়োজিত এক অনুষ্ঠানে কলকাতায় এসে এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বি আর গাভাই। তাঁর কথায়, আইনের সাহায্যে যেমন সব মানুষকে সমান অধিকার দেওয়া যায়, ব্যক্তিগত সুরক্ষা দেওয়া যায়, স্বাধীনতা দেওয়া যায়, তেমনই ব্যবসা করার ক্ষেত্রেও সংবিধান স্বাধীনতা ও আইনি সুবিধা দিয়ে থাকে। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, শুধুমাত্র আইনের ভাষা কোনো বিনিয়োগকারীকে যথেষ্ট ভরসা দিতে পারে না। সেই আইনের ব্যবহার যদি যথাযথ ও সুষ্ঠুভাবে হয়, তাহলেই সেই ভরসার জায়গা রাখা সম্ভব। প্রাক্তন প্রধান বিচারপতির কথায়, আইনের যথার্থ প্রয়োগ, বিচার ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আইনি সুবিধা বা বিচার পাওয়া বিনিয়োগকারীর আস্থা অর্জন করতে পারে। দক্ষ বিচার বিভাগ সেই সুযোগ করে দেয়। অপর দিকে, যদি আইনি ব্যবস্থায় অস্বচ্ছতা থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার না মেলে, তাহলে গোটা ব্যাপারটিতে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। বাস্তবে যে এই ধরনের সমস্যা রয়েই গিয়েছে, তা মনে করিয়ে দিয়েছেন গাভাই। তিনি বলেন, আমাদের সেই প্রতিবন্ধকতাগুলি রয়েই গিয়েছে। মামলায় জট, দীর্ঘদিন ধরে চলা মামলা এবং কোনো একটি বিষয়ের আইনের ব্যাখ্যায় আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি গোটা আইনি প্রক্রিয়াকেই দুর্বল করে দিতে পারে। ডিজিটাল ফাইলিং সিস্টেম, ই-কোর্ট বা ভার্চুয়াল শুনানি বর্তমানে আইনি প্রক্রিয়াকে কিছুটা সুবিধা করে দিয়েছে বলে মত তাঁর।