


উত্তরপ্রদেশ, ১৩ আগস্ট: সাতসকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। উত্তরপ্রদেশের সীতাপুর জেলার গোপালপুর গ্রামে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মৃত্যু হল ১১ বছরের এক কিশোর। পাশাপাশি জখম হয়েছে তাঁর মা ও ১৭ বছরের বোন।
জানা গিয়েছে, এদিন ভোর ৬টা নাগাদ ওই বাড়িতে আগুন লাগে। প্রাথমিকভাবে মিটার বোর্ডে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। পরিবারের সদস্যরা তখন বাড়ির আলাদা আলাদা ঘরে ঘুমোচ্ছিলেন। এরপর আগুন দ্রুত ছড়িয়ে যায় গোটা বাড়িতে। বাড়ি থেকে আগুন ও ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা দ্রুত পুলিশ ও দমকলে খবর দেন। পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগান তাঁরা। এরপরে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু আগুন তীব্র হওয়ায় ঘুমন্ত অবস্থাতেই আটকে পড়ে কৃষ্ণ নামে ১১ বছরের ওই কিশোর। গুরুতর দগ্ধ অবস্থাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি ওই কিশোরের মা গৌরী এবং বোন কাজলও গুরুতর দগ্ধ হন। প্রথমে তাঁদের স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুইজনের অবস্থা অবনতি হওয়ায় লখনউয়ের একটি চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে তাঁদের। মৃত কিশোরের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।