


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি ২০২৪-২৫ ধান কেনার খরিফ মরশুম শেষ হতে এখনও বাকি ৩ মাসের বেশি সময়। তার আগেই রাজ্য সরকার চাষিদের কাছ থেকে ন্যূনতম সংগ্রহ মূল্যে (এমএসপি) ধান কেনার ক্ষেত্রে সর্বকালীন রেকর্ড করল। বৃহস্পতিবার পর্যন্ত ৫৪ লক্ষ ৮৬ হাজার টন ধান সরকার কিনেছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস তৃতীয়বার সরকার গঠনের পর খরিফ মরশুমে ধান কেনার রেকর্ড ছিল ৫৩ লক্ষ ৩৮ হাজার টন। এবার ধান কেনার পরিমাণ আরও বাড়বে বলে আশা। ১৬ লক্ষেরও বেশি চাষি আপাতত সরকারের কাছে ধান বিক্রি করেছেন। সরকারি উদ্যোগে ধান কেনার পরিমাণ সবথেকে বেশি হয় নতুন আমন ধান ওঠার পর ডিসেম্বর মাস থেকে। এবার ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে মোট ধান কেনার পরিমাণ ৫০ লক্ষ টন ছাড়িয়ে গিয়েছিল। বোরো ধান ওঠার পর মে মাস থেকে দ্বিতীয় পর্যায়ে কেনার উদ্যোগে জোর দেওয়া হয়। খাদ্যদপ্তর এবার বোরো মরশুমে ৫ লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে। এর মধ্যে ২ লক্ষ টন কেনা হবে সেন্ট্রাল পুলে কেন্দ্রীয় সরকারকে চাল দেওয়ার জন্য। বাকি ৩ লক্ষ টন কেনা হবে স্টেট পুলের জন্য। স্টেট পুলের চাল থেকে রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের রেশন গ্রাহকদের সরবরাহ করা হয়। বুধবার পর্যন্ত সেন্ট্রাল ও স্টেট পুলে সরবরাহের জন্য সব মিলিয়ে ২ লক্ষ ৭৪ হাজার ধান কিনে ফেলা হয়েছে। খাদ্যদপ্তর সব জেলার আধিকারিক ও ধান কেনার সঙ্গে যুক্ত সরকারি সংস্থা ও সমবায় সংস্থাগুলিকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতে কেন এখনও বোরো মরশুমে ধান কেনা হয়নি, সেব্যাপারে জবাবদিহি চাওয়া হয় পর্যালোচনা বৈঠকে। ধান কেনার পর তা দ্রুত রাইস মিলগুলিতে পাঠিয়ে চাল উৎপাদন করতে বলা হয়েছে। রাইস মিলগুলি যাতে ঠিক সময়ে চাল সরবরাহ করে, সেদিকেও বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছে দপ্তর।