


শান্তিপুর, ২৪ সেপ্টেম্বর: গঙ্গা ভাঙনের কবলে নদিয়ার শান্তিপুর বিধানসভার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রাম। ভয়াবহ গঙ্গা ভাঙনে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, প্রায় ৯টি পরিবারের ১২ থেকে ১৪টি ঘর গঙ্গা গর্ভে বিলীন হয়েছে। গতকাল রাত প্রায় ১০টার পর বৃষ্টির সময় আচমকাই ভাঙন শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তা ভয়াবহ আকার নিয়ে নেয়। ভাঙনের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের চোখের সামনে একে একে গঙ্গায় তলিয়ে যায় কাঁচা ঘরবাড়ি, গোলা, গাছপালা সহ বহু সামগ্রী। এরপরে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে, যার জেরে অনেকেই ঘরের আসবাবপত্র বা প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধারের সুযোগই পাননি। তাঁদের কাছে প্রধান চিন্তার কারণ হয়ে উঠেছিল নিজেদের প্রাণ বাঁচানো। ভাঙনের জেরে পড়ুয়াদের বইখাতাও গঙ্গায় ভেসে যায়। পাশাপাশি বহু পরিবারের জমির কাগজপত্র এবং সরকারি গুরুত্বপূর্ণ নথিও রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে আচমকা ভাঙন শুরু হওয়ায় পরিস্থিতি সামাল দেওয়ার কোনও সুযোগই পাননি তাঁরা। ভাঙনের সময় এক গর্ভবতী মহিলাকে কোনোরকমে ঘর থেকে নিরাপদে বের করে আনা হয়। তাঁকে বাইরে বের করার কিছুক্ষণের মধ্যেই সেই ঘরটিও গঙ্গার গর্ভে চলে যায়। ভাঙনের এই ভয়াবহ ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। আবারও ভাঙনের আশঙ্কায় রাত জেগে রয়েছেন স্থানীয়রা। প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।