


চেন্নাই: ভোটের ভেট! লক্ষ্মীলাভ তামিলভূমেও...।
আচমকা সকাল সকাল ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা! একজন-দু’জন নয়, ১ কোটি ৩১ লক্ষ মহিলাকে ‘উপহার’। আর তাই শুক্রবার তামিলনাড়ু দিনের আলো দেখল অপ্রত্যাশিত আনন্দ এবং একঝাঁক প্রশ্ন নিয়ে। কীসের টাকা? সরকার দিল? কেন দিল? বেলার দিকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। জানালেন, মহিলাদের মাসিক অনুদান প্রকল্পের অধীনে এই টাকা পাঠিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের জন্য হাজার টাকা করে অনুদানের ‘অগ্রিম’ হিসাবে ৩ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি ২ হাজার টাকা ‘গ্রীষ্মকালীন বিশেষ প্যাকেজ’। এখানেই শেষ নয়, আসন্ন বিধানসভা নির্বাচনে জিতে দল ফের ক্ষমতায় এলে ‘কলাইনার মাগালির উরিমাই থিট্টাম’ প্রকল্পে মহিলাদের মাসিক অনুদান দ্বিগুণ, অর্থাৎ ২ হাজার টাকা করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ডিএমকে সুপ্রিমো। বিধানসভা ভোটের ঠিক আগে স্ট্যালিনের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই দ্রাবিড় রাজনীতি সরগরম হয়ে উঠেছে। বিরোধীদের তোপ, হারের ভয় পাচ্ছে ডিএমকে। এটা নির্বাচনি চমক ছাড়া আর কিছুই নয়। তবে স্ট্যালিনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ডিএমকে জোট সরকারের শরিক কংগ্রেস।
২০২৫ সালের নভেম্বরে বিহারে বিধানসভা ভোটের ঠিক আগে মহিলাদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠিয়ে বাজিমাত করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কাঁধে কাঁধ মিলিয়ে তার সুফল তুলেছিল বিজেপিও। আচরণবিধির ক্ষেত্রে কোনো সমস্যাই হয়নি! চালু প্রকল্প না হওয়া সত্ত্বেও। আর এবার তো তামিলনাড়ুতে ‘চালু প্রকল্পে’ই মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠালেন স্ট্যালিন। তিনি বলেছেন, ‘বোনেদের প্রতি আমার আর্জি, বিচক্ষণতার সঙ্গে এই টাকা ব্যয় করুন। বাচ্চাদের পড়াশোনা, পরিবারের জন্য ওষুধ কেনার মতো জরুরি প্রয়োজনে।’ যদিও স্ট্যালিনের এই মন্তব্য বিরোধীদের সমালোচনা থামাতে পারেনি। সুর চড়িয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা এআইএডিএমকে দলের ই কে পালানিস্বামী। তোপ দাগতে ছাড়েননি অভিনয় জগৎ থেকে রাজনীতিতে পা রাখা টিভিকে প্রধান বিজয়, বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দরারাজনও। পালানিস্বামী এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এই ঘোষণা থেকেই স্পষ্ট, ভোটে হারার ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী।’ বিজয়ের প্রশ্ন, ‘আচমকা গ্রীষ্মকালীন বিশেষ প্যাকেজ হিসাবে ২ হাজার টাকা কেন? অন্য বছর কি গ্রীষ্মকাল আসে না?’ বিজেপি নেত্রী তামিলিসাইয়ের তোপ, ‘ভোটে হারের ভয়েই মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন।’ তবে স্ট্যালিনের ঘোষণাকে স্বাগত জানিয়ে শরিক কংগ্রেসের প্রদেশ সভাপতি কে সেলভাপেরুনথাগাই এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমরা মনে করি, মহিলাদের কঠিন পরিশ্রম ও আত্মসম্মানকে স্বীকৃতি দিতেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা।’