


নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রাজনৈতিকমহলে শুধু নয়, প্রশাসনিক মহলেও চলছে ভোটের জোরদার প্রস্তুতি। নির্বিঘ্নে ভোট পরিচালনা করতে এখন থেকেই উত্তর দিনাজপুর জেলায় স্পর্শকাতর বুথ চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। যে বুথগুলিতে বিগত ভোটে অনিয়মের অভিযোগ উঠেছে, রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে, সেসব বুথকে এই তালিকায় রাখা হচ্ছে। যাতে এবার সেখানে শান্তিপূর্ণভাবে ভোট পরিচালিত হয়। জেলাশাসক বিবেক কুমারের বক্তব্য, জেলায় এখনও পর্যন্ত ২৯৯ টি স্পর্শকাতর বুথ চিহ্নিত হয়েছে। এখনও প্রশাসন এ ধরনের বুথ চিহ্নিত করার কাজ চালিয়ে যাচ্ছে। আগামীতে স্পর্শকাতর বুথের সংখ্যা বদল হতে পারে।
বিধানসভা ভোট উপলক্ষ্যে জেলার ১ হাজার ৭০৮ টি ভোট কেন্দ্রের অধীন ২ হাজার ২৪৯ টি বুথ রয়েছে। সেসব বুথে এখন ঘুরে দেখছেন প্রশাসনের আধিকারিকরা। তার মধ্যে কোথায় কোথায় গতবার স্বাভাবিকের তুলনায় বেশি বা কম ভোট পড়েছে, কোথায় মারপিট, বুথে ঢুকে অশান্তি, বচসার ঘটনা ঘটেছে, সেই বুথগুলিকে স্পর্শকাতর হিসেবে তালিকাভুক্ত করা হচ্ছে। কিছুদিন ধরেই মূলত কমিশনের ৯ জন সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক, জেলার আধিকারিকরা, সেইসব জায়গা খতিয়ে দেখেছেন। সেইসঙ্গে বিভিন্ন ভোটকেন্দ্রের পরিকাঠামোও ঘুরে দেখছেন।
এদিকে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এখন থেকেই পুলিশ সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করেছে। অবৈধভাবে মদ বিক্রি, বেআইনি আগ্নেয়াস্ত্র, গুলি বাজেয়াপ্ত করা, জেলায় প্রবেশ ও বেরোনোর পথগুলিতে নাকাচেকিং, বাংলা-বিহার সীমানা ও বাংলাদেশ সীমান্তে সতর্ক নজরদারি রাখার কাজ শুরু হয়ে গিয়েছে। জেলার দুই পুলিশ জেলা রায়গঞ্জ ও ইসলামপুরের এসপিরাও এ ব্যাপারে সক্রিয় ভূমিকা নিচ্ছেন। থানা পরিদর্শন করে আধিকারিকদের ভয়মুক্ত নির্বাচন পরিচালনার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।