


সংবাদদাতা রানাঘাট: নদীয়ার রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা কেন্দ্রের শান্তিপুর ব্লকের আরবান্দি এক নম্বর পঞ্চায়েত এলাকায় ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। উত্তর চাঁদরা অঞ্চলের একাধিক বুথে এই ঘটনা ঘটেছে, যা নিয়ে সরগরম এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর চাঁদরা অঞ্চলের ১৮ নম্বর বুথের মাঠপাড়ায় ৩০৫ জন, ১৯ নম্বর বুথের দেবনাথ পাড়ায় ৪৭৪ জন এবং ২৪ নম্বর বুথের মধ্য চাঁদরায় ৪০৭ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। পাশাপাশি ২০ নম্বর খলসি বুথে ১৪২ জন এবং ২৩ নম্বর বুথের দক্ষিণ চাঁদরায় ৯৫ জনের নাম তালিকায় নেই বলে অভিযোগ। সব মিলিয়ে প্রায় ১৩ হাজার বিচারাধীন ভোটারের মধ্যে প্রায় চার হাজার ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ সামনে এসেছে।
বাতিলের তালিকায় রয়েছেন আদিবাসী, খ্রিস্টান সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের নাম। ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় ক্ষোভে ফুঁসছেন তাঁরা। বৈধ ভোটারদের নাম তালিকায় তোলার ব্যাপারে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস। এক আইনজীবী এলাকাবাসীকে পরামর্শ দেন কীভাবে আবার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা সম্ভব। আগামী কাল ফুলিয়া রঙ্গমঞ্চের সামনে দলীয় কর্মীরা নাম বাদ যাওয়া ভোটারদের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করবেন বলে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে।
শান্তিপুর ব্লক বি তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিটির সদস্য কানাই দেবনাথ বলেন, বিজেপির নেতারা বলেছিলেন ভোটার লিস্ট থেকে রোহিঙ্গা, অনুপ্রবেশকারীদের নাম বাদ দেবে। কিন্তু, এসআইআর যখন শেষ হচ্ছে তখন দেখা যাচ্ছে হিন্দুদের নামও বাদ যাচ্ছে। আমার তিনটে বুথ থেকেই ১১২৪ জনের নাম বাদ গিয়েছে। এরা সবাই হিন্দু। বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে। সব ভোটারের নাম তালিকাভুক্ত করার দাবিতে আন্দোলন চলবে।।
এ বিষয়ে রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার বিজেপির প্রার্থী পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, সব ঝামেলা তৃণমূলের জন্যই হচ্ছে। ওরা মানুষকে ভুল বোঝাচ্ছে। যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আমরাও তাঁদের নাম তুলতে সবরকম সাহায্য করব।