


৯ আগষ্ট ২০২৫, নয়াদিল্লি: শনিবার রাখির দিনে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী রাজধানী। দিল্লির দক্ষিণ-পূর্ব এলাকার জৈতপুরে বাড়ির দেওয়াল ধসে পড়ে মৃত্যু হল কমপক্ষে ৭ জনের। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ৮ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আবার আশঙ্কাজনক। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও।
স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার পরই স্থানীয়রা গিয়ে উদ্ধারকাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে আসে পুলিসও। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন মহিলা এবং ২টি শিশুও রয়েছে। পুলিস জানিয়েছে, মৃতরা হলেন শাবিবুল (৩০), রাবিবুল (৩০), মুত্তু আলি (৪৫), রুবিনা (২৫), ডলি (২৫), রুখসানা (৬), হাসিনা (৭)।
পুলিস সূত্রে খবর, আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক ভাবে অনুমান, টানা বৃষ্টির জেরেই বাড়ির দেওয়াল ধসে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা আনন্দ জয়সওয়াল জানান, দুর্ঘটনার পর আশেপাশের লোকজন কালবিলম্ব না করে ধ্বংসাবশেষ সরাতে শুরু করে। আটকে পড়া অনেক জনকে উদ্ধারও করা হয়। কিন্তু শেষরক্ষা করা যায়নি।