


নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: তৃণমূল নেতার উপর হামলা মুর্শিদাবাদে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো হল খড়গ্রাম পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ কামরুনেসা বিবির স্বামী সাবির শেখকে।
জানা গিয়েছে, গতকাল রাত প্রায় ১১টা নাগাদ খড়গ্রাম জল ট্যাঙ্ক সংলগ্ন নিজের দোকানে ছিলেন সাবির শেখ। সেই সময় হঠাৎ করে লোডশেডিং হওয়ায় গোটা এলাকা অন্ধকারে ডুবে যায়। আর ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে কয়েকজন দুষ্কৃতী অতর্কিতে তাঁর উপর হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথারি কোপানো হয় বলে অভিযোগ। এই হামলার জেরে গুরুতর জখম হন সাবির। এরপর সাবিরকে আহত অবস্থায় দেখে ঘটনাস্থলে এসে জড়ো হয়ে যায় স্থানীয়রা। দেরি না করে তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি। পাশাপাশি এই হামলার ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হামলার নেপথ্যে কারা রয়েছে এবং কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।