


সংবাদদাতা, ময়নাগুড়ি: তৃণমূল সরকারের আমলে বারবার সামনে এসেছে গোরু পাচারের ঘটনা। যা নিয়ে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো। পালাবদলের পর মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন যেকোনো মূল্যে আটকাবেন এই পাচার। আর তার ফল মিলল হাতেনাতে। ফের সীমান্তে পাচারকারীরা সক্রিয় হওয়ার চেষ্টা করতেই তা বানচাল করল ময়নাগুড়ি থানার পুলিশ। সাতকালে মহিষ পাচারের চেষ্টা চলছিল। জাতীয় সড়কের উপর দিয়ে মহিষ পাচারের সেই চেষ্টা রুখে দিল পুলিশ।
বুধবার ভোরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় আটটি মহিষ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিব শংকর রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের বাড়ি বিহারের মুজাফ্ফরপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি পিকআপ গাড়িতে করে মহিষগুলিকে বেআইনি ভাবে নিয়ে ধুপগুড়ির দিকে যাওয়া হচ্ছিল। বুধবার ভোর পৌনে চারটে নাগাদ খবর পায় পুলিশ এবং তাঁরা ময়নাগুড়ির টেকাটুলি এলাকায় সেই গাড়ি আটকানোর চেষ্টা করে। পুলিশকে দেখে দ্রুত গতিতে গাড়ি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করলে সেই গাড়ির পিছনে ধাওয়া করে ময়নাগুড়ি থানার পুলিশ। এরপরে টেকাটুলি থেকে সাপটিবাড়ি এলাকার রাস্তায় গাড়িটিকে ধরা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে ৮টি মহিষ উদ্ধার করেন পুলিশকর্মীরা। চালক শিব শংকর রায়কে জিজ্ঞাসাবাদ করা হলে তার কথায় অসঙ্গতি মেলে। মহিষ নিয়ে যাওয়ার কোনও বৈধ কাগজপত্র সে দেখাতে পারেনি। এরপরেই তাকে গ্রেপ্তার করে গাড়ি ও মহিষগুলি বাজেয়াপ্ত করা হয়।
প্রাথমিক জেরায় ধৃত জানিয়েছে, মহিষগুলি ফালাকাটার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।